খালেদার নীরবতা জামায়াতকে উসকানি দিচ্ছে
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, ‘খালেদা জিয়ার রহস্যজনক নীরবতা জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকানি দিচ্ছে। সারা দেশে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’ এই হামলাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে প্রকাশ্যে খালেদা জিয়ার অবস্থান ঘোষণা করা উচিত।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান এই নেতা বলেন, ‘জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ না খুললে ধরে নেব খালেদা জিয়া অগণতান্ত্রিক সন্ত্রাসী তত্পরতাকে শুধু রক্ষা করতেই চাচ্ছেন না, তাতে উসকানিও দিচ্ছেন।’ মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।