খালেদার নেতৃত্বে গণ-অনশনে যোগ দিন: মির্জা ফখরুল
প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৩ জুলাই বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দেবেন। দেশের সব পেশাজীবী, রাজনৈতিক দল ও গণতন্ত্রকামীকে ওই গণ-অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভায় তিনি এ আহ্বান জানান। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, সরকার ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন (গত ৬ জুলাই) জয়নুল আবদিন ফারুকের ওপর নৃশংস ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে।বিএনপির নেতা বলেন, ‘তাঁকে যেভাবে আক্রমণ করা হয়েছে ও আঘাত করা হয়েছে, তা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নেই।’ তিনি অভিযোগ করে বলেন, সরকার গণতন্ত্রের ভাষা বোঝে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাল রোববার ও পরদিন সোমবারে ইসলামি দলগুলোর ৩০ ঘণ্টার ডাকা হরতালে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। তবে হরতাল চলাকালে বিএনপির কর্মীরা মাঠে থাকবে কি না, সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।