খালেদার নেতৃত্বে বিরোধী দলের গণ-অনশন আজ
খালেদা জিয়ার নেতৃত্বে আজ রোববার ঢাকায় গণ-অনশন করবে ১৮ দলীয় জোট। ঢাকা মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই গণ-অনশন চলবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।একই কর্মসূচি ঢাকার বাইরে প্রতিটি জেলা সদর ও মহানগরেও পালন করবে বিএনপির নেতৃত্বাধীন এই জোট। ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে এই গণ-অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় ১৪ মে রাতে জোটের বৈঠকে।গণ-অনশনের জন্য ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করেছিল বিএনপি। গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে মহানগর নাট্যমঞ্চে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে।গণ-অনশন ছাড়া আরও দুই দিনের কর্মসূচি রয়েছে ১৮ দলীয় জোটের। তা হলো, ২৩ মে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২৭ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ।গণতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ করবেন না: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ করবেন না। গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিন। গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর শরফত আলীসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, সরকার মনে করেছে, জাতীয় নেতাদের গ্রেপ্তার করে বিরোধী দলের আন্দোলন বন্ধ করবে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। তাই সরকারকে বলব, দয়া করে দেশে গণতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ করবেন না। তাঁর দাবি, সরকারের অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ অসন্তুষ্ট। তাদের জনপ্রিয়তা কমেছে। এখন মানুষ পরিবর্তন চায়।সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী ২১ মে সব থানা সদর ও ২২ মে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লা, মহানগর সদস্যসচিব আবদুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।তত্ত্বাবধায়ক পুনর্বহাল না হলে পরিণতি ভয়াবহ হবে: গতকাল রাজধানীতে অপর এক কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করুন। নইলে পরিণতি এরশাদের চেয়েও ভয়াবহ হবে।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কাশিমপুর কারাগারে গণতন্ত্রকে আটকে রেখে আপনি ক্ষমতায় চিরস্থায়ী হবেন, তা হবে না।’সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ দলের কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধনে ফারুক এসব কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারকে ‘দানব’ বলে অভিহিত করা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ এই দানব সৃষ্টি করেছিল। ওই দানবের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং এ ধরনের কথা তাঁর (প্রধানমন্ত্রী) মুখে মানায় না।’মানববন্ধনে অন্যান্যের মধ্যে বৃহত্তর নোয়াখালী এলাকার বিএনপির সাংসদ বরকত উল্লা, আবুল খায়ের ভূঞা, আশরাফ উদ্দিন, রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র: নেতাদের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ অত্যাচার-নিপীড়ন করে বিএনপিকে সর্বস্বান্ত করতে নেমেছে। তিনি নেতা-কর্মীদের আরও বেশি ত্যাগ-তিতিক্ষা শিকার করা ও স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান।