খালেদার প্রতিশ্রুতির কথা সরকার জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া ভারত সফর করতেই পারেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, তখন তিনিও ভারত সফর করেছিলেন। তবে খালেদা জিয়া ভারত সফরকালে সেখানে কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তা আমাদের জানা আছে। সময়মতো সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।’বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর সম্পর্কে সৈয়দ আশরাফুল ইসলাম আজ শনিবার এসব কথা বলেন। সকালে বনানী কবরস্থানে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের শহীদ ও জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।খালেদা জিয়ার ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়ার ভারত সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাঁর এ সফর নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। খালেদা জিয়া ভারত সফরকালে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন হোক, জাতি এটা প্রত্যাশা করে। এই বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই এর বিচার শেষ হওয়া উচিত বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, জাতীয় চার নেতার একজন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ। জেলহত্যার বিচার বা তদন্ত করার জন্য আলাদা কোনো কমিশনের দরকার নেই উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। একই প্রক্রিয়ায় চার নেতা হত্যার বিচারও হবে। এতে জাতি সঠিক বিচার পাবে।’ বিগত সরকারের সময় যে রায় দেওয়া হয়েছে, তা বাতিলের জন্য আপিল করা হয়েছে বলেও তিনি জানান।সৈয়দ আশরাফ বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেলহত্যার সব আলামত নষ্ট করা হয়েছে। আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকাণ্ড স্বাধীনতাবিরোধী শক্তির কাজ। পরে তারাই আবার খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। এ দেশের স্বাধীনতা তারা মেনে নিতে পারেনি। এ জন্যই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও বিচার দেশের জনগণই করবে।’ বাসস।