বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন মহাজোটের সাংসদেরা। জাতীয় সংসদে তাঁরা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার এ দেশে হবেই। বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি দিতে চাইলে জনগণ তাঁরও বিচার করবে।গতকাল বুধবার ৬৮ বিধিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনারও দাবি জানান সাংসদেরা।সম্প্রতি বিরোধী দলের রোডমার্চে বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মুক্তি চেয়ে বলেন, নিজামী-মুজাহিদ-সাঈদী যুদ্ধাপরাধী নন। গতকাল সংসদে এ বিষয়ের ওপর আলোচনার জন্য নোটিশ দেন সরকারি দলের সুরঞ্জিত সেনগুপ্ত। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এ আলোচনার সময় বিরোধী প্রধান দল বিএনপির সদস্যরা অনুপস্থিত ছিলেন। এ নোটিশে রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম, ফজলে রাব্বী মিয়া, আলী আশরাফ ও রফিকুল ইসলাম স্বাক্ষর করে সমর্থন জানান।যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ করতে নতুন প্রজন্মকে জেগে ওঠার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রোডমার্চের নামে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিরোধীদলীয় নেত্রী আইনবহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন। তা থেকে নিবারণ করতে এ নিয়ে আলোচনা করে ধিক্কার ও নিন্দা জানানো উচিত।সুরঞ্জিত বলেন, ‘সংসদে গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় নেতা জনগণকে অবমাননা করছেন। আপনি অপরাধ করেছেন। এই সংসদ থেকে কোর্ট অব রেকর্ড হিসেবে ওই অপরাধীর (বিরোধীদলীয় নেত্রী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে ৪০ বছর পার হয়ে গেছে। এখন যখন গোটা জাতি এ বিচারের কাজে প্রস্তুত, তখন বিরোধীদলীয় নেত্রীর স্বাধীনতাবিরোধীদের পক্ষ নেওয়া দুর্ভাগ্যজনক। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘বেগম জিয়া তো জানবেন না কারা যুদ্ধাপরাধী। কারণ, তখন তো আপনি পাক হানাদারদের মেহমান ছিলেন।’শেখ ফজলুল করিম বলেন, রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি করেছেন জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধা হয়ে তিনি রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন। আর এখন তাঁর স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সার্টিফিকেট দিচ্ছেন, ওরা রাজাকার না। এর চেয়ে নির্লজ্জ রাজনীতি আর হতে পারে না।আমির হোসেন আমু বলেন, নিজামী-মুজাহিদের পক্ষ নিয়ে বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। বিএনপি আর জামায়াতের রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই।তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতাবিরোধী আলবদর বাহিনীর প্রধান ছিলেন নিজামী। মুজাহিদ, সাঈদী, সালাউদ্দিন কাদেরসহ সবাই চিহ্নিত স্বাধীনতাবিরোধী। কাদের মোল্লা ছিলেন বাঙালি হত্যাকারী কসাই। এ কথা সবাই জানে। অথচ খালেদা জিয়া বলেছেন, এঁরা যুদ্ধাপরাধী নন। এর চেয়ে হাস্যকর বক্তব্য আর কী হতে পারে?পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, খালেদা জিয়া রাজাকার, আলশামসদের মা হিসেবে আবির্ভূত হয়েছেন। রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে যখন সব তথ্যপ্রমাণ জোগাড় করছেন আদালত, তখন বিরোধীদলীয় নেতা ঘোষণা করছেন, এঁরা যুদ্ধাপরাধী নন, যা আদালত অবমাননার শামিল।আলোচনায় আরও অংশ নেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ আবদুল মান্নান, আলী আশরাফ, ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির মুজিবুল হক এবং জাসদের মঈনউদ্দিন খান।