খালেদার বক্তব্য রাজনৈতিক দিকনির্দেশনামূলক শ্রেষ্ঠ বক্তব্য: ফখরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল যে বক্তব্য দিয়েছেন, তা এ যাবত্কালের রাজনৈতিক দিকনির্দেশনামূলক শ্রেষ্ঠ বক্তব্য। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তা এ যাবত্কালের রাজনৈতিক দিকনির্দেশনামূলক শ্রেষ্ঠ বক্তব্য। তিনি (খালেদা জিয়া) সঠিকই বলেছেন, এ সরকার ক্ষমতায় থাকার সব নৈতিক অধিকার হারিয়েছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, ‘বর্তমান সরকার পুরোপুরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই সরকার আজ গোটা জাতিকে বিভক্ত করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে, এক দিনেই ৭০ জনকে প্রাণ দিতে হয়েছে। গত এক সপ্তাহে ১০০ জনের বেশি মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এ ধরনের হত্যাকাণ্ড আমরা দেখিনি।’একটি গণতান্ত্রিক দেশে গুলি করার আগে পুলিশকে কতগুলো নিয়ম পালন করতে হয়—মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমে সতর্ক করা, এরপর লাঠিপেটা করা, পরের ধাপে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা, তারপর গুলি চালানো হবে মর্মে সতর্ক করে মাইকে ঘোষণা দেওয়া। সর্বশেষ ধাপে পায়ে গুলি করতে হবে। কিন্তু এখন প্রথমেই নির্বিচারে গুলি করা হচ্ছে। এ ধরনের ঘটনা আমরা ইসরায়েল ও ফিলিস্তিনে দেখি।’ দেশের মানুষের মৌলিক নাগরিক অধিকার হারিয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্র ধ্বংসের পথে।’ তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।বক্তব্যের একপর্যায়ে দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির চেয়ারপারসনের উদ্বেগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ২৮ ফেব্রুয়ারি রাতে খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানাতে গেলে তিনি তা গ্রহণ করেননি। কারণ, তিনি উদ্বিগ্ন ও উত্কণ্ঠিত ছিলেন।রাজনৈতিক কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মুস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। গতকাল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশময় সংঘাতে প্রাণহানির ঘটনাকে পৈশাচিক ‘গণহত্যা’ বলে বর্ণনা করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান। নইলে এর পরিণাম ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। রাজধানীর গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি জানান। ব্লগে আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের কথিত অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গত বৃহস্পতিবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ওই সংবাদ সম্মেলন ডাকেন।