খালেদার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে: ফখরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রোববার বগুড়ায় সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন, অনেক পত্রিকায় তা ‘একটু ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের সংবাদ সম্মেলনে ফখরুল এই দাবি করেন। মির্জা ফখরুল বলেন, ‘পথসভাগুলোর বক্তব্য কয়েকটি পত্রিকায় একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি (খালেদা জিয়া) কী বলেছিলেন তা আমি বলছি, তিনি ধন্যবাদ দিয়েছেলিন, শাহজাহানপুরে সেনা মোতায়েনের পরে সেখানে কোনো গুলিবর্ষণ না করেই তারা শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। তিনি বলেছিলেন, আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষায় কাজ করে। দেশে বিশৃঙ্খলা হলে তারা সময়মতো কাজ করবে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে শান্তিরক্ষায় কাজ করছে। তাদের দেশে যদি শান্তি না থাকে তাহলে বিদেশিরা বলবে আমাদের সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না। এসব আজ ভাববার সময় এসেছে।’ ফখরুলের দাবি, খালেদা জিয়া এ ছাড়া অন্য কোনো কিছু বলেননি। বিরোধীদলীয় নেতার বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের জন্যও তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।ফখরুল বলেন, অনেক পত্রিকায় যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে যথাযথভাবে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য উপস্থাপন করলে কোনো মহলে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না।’সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির মুখপাত্র বলেন, বিএনপি সেনা হস্তক্ষেপ শুধু পছন্দ করে না তা নয়, এর বিরোধিতা করে। বিএনপি জনগণের শাসন, গণতন্ত্রে বিশ্বাস করে।প্রসঙ্গত, খালেদা জিয়া বগুড়ায় সহিংসতার সময় সেনাবাহিনী নামায় তাদের ধন্যবাদ জানিয়ে গতকাল রোববার বলেছিলেন, তারা গুলি করেনি; জানমালের ক্ষতি করেনি। সাম্প্রতিক সময়ের নানা সহিংসতার কথা উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, সেনাবাহিনী সময়মতো তাদের কাজ করবে। বগুড়া সদরের মাটিডালী মোড়ে ওই শোক সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘সেনাবাহিনী জাতিসংঘ মিশনে কাজ করছে। শান্তি রক্ষার জন্য তারা বিদেশ যায়। যে দেশের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষার জন্য কাজ করছে, সে দেশে যদি শান্তি না থাকে, তাহলে বিদেশিরা বলবে, তারা কীভাবে শান্তিরক্ষায় কাজ করবে? কাজেই চিন্তার বিষয় আছে। আপনাদের সবাইকে এটা চিন্তা করতে হবে।’খালেদা জিয়ার ওই বক্তব্য আজ বিভিন্ন পত্রপত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। ‘প্রথম আলো’র অনলাইনে ওই খবরের সঙ্গে গতকাল খালেদা জিয়ার বক্তব্যের ভিডিওটিও যুক্ত করা হয়েছিল।