বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি আইনি লড়াই চালিয়ে যাবে। তবে উচ্চ আদালতের রায় যা-ই হোক না কেন, বাড়ির বিষয়ে ফয়সালা হবে রাজপথে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।‘খালেদা জিয়ার বাসভবন: সরকারের ভূমিকা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।মওদুদ আহমদ বলেন, ‘হাইকোর্ট খালেদা জিয়ার বাড়ি সম্পর্কে যে রায় দিয়েছেন, তা আমি বিশ্বাসই করতে পারছি না। প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার খালেদা জিয়াকে তাঁর বাড়ি থেকে উৎখাত করলে ভুল করবে।’ তিনি দাবি করেন, সেনানিবাসের বাড়ির নিবন্ধনসহ সব প্রয়োজনীয় কাগজপত্র খালেদা জিয়ার কাছে আছে।মওদুদ আহমদ সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘জোয়ার দেখেছেন, কিন্তু ভাটা দেখেননি। এবার ভাটা দেখার সময় এসেছে। ভাটার টান শুরু হলে সরকার শেকড় ধরেও বাঁচতে পারবে না।’ তাঁর দাবি, দেশের মানুষ সরকারকে আর ক্ষমতায় চায় না। মধ্যবর্তী নির্বাচন চায়। দেশের ৯৮ ভাগ মানুষই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন ও নিতাই রায় চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।