বিএনপি পারিবারিক বিষয় নিয়ে সক্রিয়, জনস্বার্থে জোরালো ভূমিকা নেই
খালেদার বাড়ি নিয়ে রাজনীতির ঘুরপাক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ও তাঁর দুই ছেলের মামলার মধ্যে আটকে আছে দলটির রাজনীতি। ফলে জনস্বার্থে কোনো জোরালো ভূমিকা রাখতে পারছে না চারবার ক্ষমতায় থাকা এ দলটি। একাধিক কেন্দ্রীয় নেতা এই মত ব্যক্ত করে জানান, শুধু পারিবারিক সমস্যা নিয়ে আন্দোলনে গেলে জনসমর্থন পাওয়া সহজ হবে না। তাই সরকারের জনস্বার্থপরিপন্থী কাজের সঙ্গে এসব বিষয় মিলিয়ে কর্মসূচি পালনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির সূত্রগুলো জানায়, খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার আদেশ দিয়ে হাইকোর্টের রায়, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলার কারণে জনস্বার্থে নেওয়া বিএনপির বেশ কিছু কর্মসূচি যথাযথভাবে পালিত হয়নি। শুধু জিয়া পরিবারের সমস্যা নিয়ে আন্দোলনে না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত থাকলেও সাম্প্রতিক সভা, সমাবেশ, সেমিনারে এ নিয়েই কথা বলেছেন শীর্ষস্থানীয় নেতারা। তবে খালেদা জিয়া এসব বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি, কোনো কর্মসূচিও দেননি।খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বাড়ির বিষয়ে খালেদা জিয়াকে প্রায় সময়ই আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে দীর্ঘ বৈঠক করতে হচ্ছে। তা ছাড়া গত মাসে বেশ কয়েকজন বিদেশি অতিথি ও রাষ্ট্রদূতও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব কারণে দলীয় কর্মকাণ্ডে কম সময় দিতে পারছেন তিনি। বিএনপির একজন নেতা বলেন, জিয়া পরিবারের সমস্যাগুলো সব কর্মসূচির মধ্যে ঘুরেফিরে আসছে। এটা অস্বাভাবিক নয়। কেননা, এই পরিবারই জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তবে তিনি স্বীকার করেন, এই বিষয়গুলোতে আটকে থাকায় বিএনপি জনস্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারেনি।সূত্রমতে, নভেম্বরজুড়ে খালেদা জিয়ার ২১টি বড় জেলা শহরে সমাবেশ করার কর্মসূচি ছিল। গত ২১ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলা সফর কর্মসূচি ঠিকই করা হয়নি। তবে অক্টোবরজুড়ে থানায় থানায় বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে ঢিমেতালে। মূলত বাড়ির আপিল আবেদন ও শুনানির কারণে এটা হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের জনস্বার্থবিরোধী কাজের কারণে থানায় থানায় কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়ে হাইকোর্টে খালেদা জিয়ার বাড়ি ছাড়ার রায়ের কারণে ঢাকায় কেন্দ্রীয় নেতারা ব্যস্ত ছিলেন। ফলে কিছুটা সমন্বয়হীনতার কারণে কোথাও কোথাও কর্মসূচি পালিত হয়নি। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার সফরসূচি নির্ধারণ হয়নি। ঈদের আগেই শুরু করার চেষ্টা চলছে। শিগগিরই আলোচনার মাধ্যমে তা ঠিক হবে। তিনি বলেন, জিয়া পরিবারের ওপর যা চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। সরকারের নানামুখী চাপের কারণে কর্মসূচি পালনে কিছু সমস্যা হচ্ছে। বৈঠক হয়েছে বাড়ি নিয়ে: গুলশান কার্যালয়ে গত এক মাসে খালেদা জিয়ার বেশির ভাগ বৈঠক ছিল জ্যেষ্ঠ আইনজীবী ও নেতাদের সঙ্গে। এসব বৈঠকে বাড়ির বিষয়ে আলোচনা হয়েছে। আপিল করা হবে কি না, তা নিয়েও জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এর বাইরে জোটের শরিক দল ইসলামী ঐক্যজোট ও বিজেপির সঙ্গে কথা বলেছেন তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, শরিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হলেও সেখানে বাড়ির বিষয়টি ঘুরেফিরে এসেছে। বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, সরকারের বর্তমান কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া বিরোধী দলের সামনে আর কোনো পথ খোলা নেই। জোটের প্রধান শরিক বিষয়টি অনুধাবন করতে পেরেছে। এ জন্য জোটকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়েছে। ওই নেতা বলেন, খালেদা জিয়ার বাড়িই যদি সরকারের হাত থেকে রক্ষা না পায়, তাহলে অন্য নেতাদের পরিণতি কী হতে পারে, তা ভেবে সবাই উদ্বিগ্ন।মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমানে যে কর্মসূচিগুলো আছে, তার সঙ্গে জিয়া পরিবারের বিষয়গুলো যুক্ত হবে। এ নিয়ে পৃথকভাবে কোনো কর্মসূচি থাকছে না। তিনি বলেন, ঈদের পর কর্মসূচি শুরু হবে, প্রস্তুতি চলছে।স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বাড়ির বিষয়ে আপিল বিভাগের রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে জনগণের মনোভাব বিচার-বিশ্লেষণ করে আন্দোলনের পরিকল্পনা নেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, আপাতত জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারের ব্যর্থতা ও প্রতিহিংসামূলক সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে।বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, সব মিলিয়ে ১২ দফা দাবিতে সরকাবিরোধী আন্দোলন শুরু করা হতে পারে। এগুলো হলো খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র বাতিল, কোকোর প্যারোল বৃদ্ধি ও তারেক রহমানের মামলা প্রত্যাহার। অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার, নির্যাতন-অপহরণ-গুম-খুন বন্ধ, নিয়োগবাণিজ্য বন্ধ, ভারতের সঙ্গে চুক্তি বাতিল, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার ইত্যাদি।