খালেদার বাড়ি নিয়ে সাকার বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি নিয়ে দলীয় নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বক্তব্যকে রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার এ নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, ‘সালাউদ্দিন তাঁর বক্তব্যের মাধ্যমে সেনাবহিনীকে রাষ্ট্র ও সরকার থেকে আলাদা করে একটি বিশেষ গোত্রভুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু সেনাবাহিনী কখনোই বিশেষ কোনো গোত্র নয়, বরং রাষ্ট্রেরই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যে কারণে সালাউদ্দিনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। একই সঙ্গে আদালত অবমাননারও শামিল।’প্রসঙ্গত, খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার ব্যাপারে আদালতের নির্দেশের পর গত রোববার সাকা চৌধুরী বলেন, বাড়িটি প্রধানমন্ত্রী কিংবা সরকারের মাথা ঘামানোর বিষয় নয়। এ নিয়ে রাজনীতিবিদদেরও বিতর্কে যাওয়া ঠিক নয়। খালেদা জিয়াকে বাড়িটি দেওয়া-নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর। সুরঞ্জিত আরও বলেন, ১৯৮১ সালে তত্কালীন রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতাবলে মইনুল রোডের বাড়িটি সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী খালেদা জিয়াকে দেন। বিষয়টি সামরিক ভূমি পরিদপ্তরের বিধানের পরিপন্থী। সেনানিবাসে তিন ধরনের ভূমি রয়েছে। বিধান অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভূমি কাউকে দেওয়ার সুযোগ থাকলেও প্রথম শ্রেণীর ভূমি দেওয়া সম্ভব নয়। খালেদা জিয়াকে যে বাড়িটি দেওয়া হয়েছে সেটি প্রথম শ্রেণীভুক্ত। এই বিধানের বলেই সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তা খালেদা জিয়াকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তিন দফায় নোটিশ পাঠিয়েছিলেন বলে সুরঞ্জিত জানান। তিনি বলেন, এই নোটিশের জবাবে খালেদা জিয়া ২০০৯ সালের ২৭ মে আদালতে রিট আবেদন করেন। অথচ এখন তাঁরাই আদালতের রায়ের সমালোচনা করে বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করার কথা বলছেন।