খালেদার বাড়ির বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করলেন মওদুদ
সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ে খালেদা জিয়া হেরে যাওয়ায় আইনজীবী মওদুদ আহমদকে দায়ী করে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা তিনি মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বলে দাবি করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ওই মামলায় খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ আজ শনিবার মতিঝিলে তাঁর নিজের চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। বাড়ি নিয়ে মামলার রায় সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘কেউ কেউ অভিযোগ করেছেন, ওই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হেরে যাওয়ার জন্য আমি দায়ী। তবে আমি বলতে চাই, খালেদা জিয়াকে ওই বাড়িটি দেওয়ার ব্যাপারে আমার ভূমিকা আছে। প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তার আমাকে বিশেষ স্নেহ করতেন। ওই বাড়িটি দেওয়ার ব্যাপারে আমি তাঁর সঙ্গে আলোচনা করেছিলাম। এসব কথা ম্যাডামও জানেন। তাই বাড়িটি নিয়ে করা মামলায় জিততে সব ধরনের আইনি লড়াইই আমি করেছি। এখন যা বলা হচ্ছে তা মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট।’ মওদুদ আহমদ বলেন, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক ও সংসদের জন্য অপমানজনক। পুনর্মুদ্রিত সংবিধান সম্পূর্ণ অকার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মঈনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ অক্টোবর তাঁর রিট আবেদনটি খারিজ করে দেন এবং আদালতকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। রায়ের বিরুদ্ধে ৮ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। চেম্বার বিচারপতি বিষয়টি ২৯ নভেম্বর শুনানির জন্য ধার্য করেন। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হলে পরের দিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আদালত অবমাননাসহ আরও দুটি আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ।