খালেদার বাড়ির মালামাল সরানো শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালামাল সরানোর কাজ দ্বিতীয় দিনেও শেষ হয়নি। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি কাভার্ড ভ্যান এবং দুইটি পিকআপে করে বেশকিছু মালামাল সরিয়ে নেওয়া হয়। বাকি মালামাল কাল সরিয়ে নেওয়া হবে। মালামাল সরানোর দায়িত্বে নিয়োজিত ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা জানান, আজও মালামাল সরিয়ে নেওয়া শেষ হয়নি। কাল রোববার সকাল থেকে আবার শুরু হবে। সূত্র জানায়, গতকালের মতো আজও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমদ, ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আল আমিন ডিউ, খালেদা জিয়ার দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কয়েকজন কর্মচারীসহ ছয়টি কাভার্ড ভ্যান ও দুইটি পিকআপ নিয়ে সেনানিবাসের ওই বাড়িতে যান। সকাল সাড়ে ১০টা থেকে মালামাল নেওয়া শুরু হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত তা অব্যাহত ছিল। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন।