বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় পলাতক আসামি হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। এ মামলা পরবর্তী শুনানির জন্য ৩১ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।এর আগে বেলা সোয়া দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আদালত অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে শুনানি গ্রহণ করেন। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাঠগড়ার সামনে একটি চেয়ারে বসেছিলেন।শুনানি শেষে আদালত অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশ দেন।দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন, কবীর হোসেন ও রফিকুল ইসলাম শুনানি করেন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আমিনুল হক, মাহবুব উদ্দীন খোকন, সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দীন প্রমুখ। গত ৬ জানুয়ারি এ বিষয়ে শুনানির তারিখ ধার্য থাকলেও খালেদা জিয়া ‘নিরাপত্তাহীনতার’ কারণে ওই দিন আদালতে হাজির হননি। আসামিপক্ষের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের তারিখে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছিলেন। এ মামলায় ১৪ দফা শুনানির তারিখ পেছানো হয়েছিল।২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেন এবং জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।গত বছরের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।