খালেদার বিরুদ্ধে চার মামলা, তিনটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এগুলো হচ্ছে নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া কয়লাখনি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা। প্রথম তিনটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে।মামলাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিনটি মামলার কার্যক্রম স্থগিত আছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসনের বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। গত ৩ ফেব্রুয়ারি আদালতের দেওয়া নির্দেশনায় যত দিন রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি না হবে, তত দিন আবেদনকারী (খালেদা জিয়া) সময়ের আবেদন জানালে, সময় দেওয়ার কথা বলা হয়। এক অর্থে মামলার কার্যক্রম স্থগিত। মামলা প্রত্যাহার প্রশ্নে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পরপরই চারটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার কমলাপুরে আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনার কাজ বেসরকারি কোম্পানি গ্যাটকোকে পাইয়ে দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ওই বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মাহবুব আলম বাদী হয়ে নাইকো দুর্নীতির মামলা করেন। বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক শামসুল আলম মামলাটি করেন। ওই বছরের ৩ জুলাই সর্বশেষ জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে উপপরিচালক হারুন অর রশিদ রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান, কোকোসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।জানা গেছে, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই গ্যাটকো, ১৫ জুলাই নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়। স্থগিত করা হয় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলার কার্যক্রমও। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। গত বছরের ৩০ এপ্রিল সরকারের কাছে এই চার মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়।আগের আওয়ামী লীগ আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এয়ারবাস ক্রয়ে দুর্নীতি, সেনানিবাসের বাড়ি সজ্জিতকরণ ও পুলিশের উপপরিদর্শক নিয়োগে অনিয়মের অভিযোগে তিনটি মামলা হয়। বিএনপির সরকার ক্ষমতায় আসার পর ২০০২ ও ২০০৩ সালে উচ্চ আদালতের রায়ে মামলাগুলো বাতিল হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য বিলম্ব মার্জনার আবেদন করা হয়। তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন। ফলে এ তিনটি মামলার অস্তিত্ব নেই।