সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ভৈরব সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই এ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।তবে জিয়া চ্যারিটিবল ট্রাস্ট মামলায় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।ভৈরব সেতু কমিটির অন্য সদস্যরাও দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁরা হলেন: বিএনপির নেতা প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সালাহ উদ্দিন আহমদ এবং এ কে এম মোশাররফ হোসেন।ভৈরব সেতু প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, কমিশন নিরপেক্ষ থেকে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় সড়ক ও জনপথ বিভাগে দায়িত্বপ্রাপ্ত একটি দল ভৈরব সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ আনে।তদন্তে দেখা গেছে, সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানকে নিয়ম মেনেই অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছিল অ্যাডমন্ড নাটাল। ওই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানই বাংলাদেশ সরকারকে অতিরিক্ত টাকা দেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতেই নাটালকে অতিরিক্ত টাকা দেওয়া হয়। সেটা যথাযথ প্রক্রিয়া মেনেই দেওয়া হয়।জিয়া চ্যারিটিবল ট্রাস্ট মামলায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। দুদকের চেয়ারম্যান বলেন, পূর্ণ তদন্তে প্রমাণিত হয়েছে, এ ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাই শিগগির অভিযোগপত্র জমা দেওয়া হবে।