খালেদার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আইএসপিআরের
হুমকি-ধমকি এবং সেনাবাহিনীর সদস্যদের অকথ্য গালিগালাজ করে ঢাকা সেনানিবাসের বাসভবন ছেড়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। এ অভিযোগ করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল রোববার ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের কাছে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।আইএসপিআর স্বেচ্ছায় বাড়ি ছাড়ার কথা বললেও শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাঁকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়। শয়নকক্ষের দরজা ভেঙে টেনেহিঁচড়ে তাঁকে বের করা হয় বলেও তিনি অভিযোগ করেন।সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আইএসপিআর। এতে আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম ও স্টেশন সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ বক্তব্য দেন। তাঁরা দুজনই বাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো খালেদা জিয়ার বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের পর খালেদা জিয়ার ছেড়ে যাওয়া বাসভবন সাংবাদিকদের দেখানো হয়।এদিকে সেনা সূত্র জানায়, গতকাল সকালে খালেদা জিয়ার গৃহকর্মী ইউনুসসহ তিনজন বাড়ির মালামাল গণনা করেন। তাঁরা এর একটি তালিকাও তৈরি করেন।আইএসপিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়র সঙ্গে অসদাচরণ করার যেসব অভিযোগ তিনি তুলেছেন, তা মিথ্যাচার। বরং তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ করে গালিগালাজ, হুমকি প্রদান, ক্যান্টনমেন্ট বোর্ড, সামরিক ভূমি প্রশাসন পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র্যা ব ও পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কিন্তু দুর্ব্যবহারের পরও সংশ্লিষ্ট সবাই সংযম দেখিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়া যথাযথ সম্মান ও মর্যাদা নিয়েই সেনানিবাসের বাড়ি ছেড়েছেন। বর্তমানে বাড়িটি পুলিশের হেফাজতে আছে।আইএসপিআরের পরিচালক বলেন, শহীদ মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দেওয়ার শেষ সময় ছিল ১২ নভেম্বর। সময়সীমা শেষ হওয়ার পর শনিবার সকালে সেনানিবাস কর্তৃপক্ষ বাড়িটি বুঝে নেওয়ার জন্য সেখানে যায়। সকাল সাড়ে নয়টার দিকে ওই বাড়ির ৬১ জন কর্মচারী বাসা ছেড়ে যান। ঘুম থেকে ওঠার পর সকাল ১০টার দিকে খালেদা জিয়া জানতে পারেন, তাঁকে বাসা ছেড়ে দিতে অনুরোধ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসেছে। দুই ঘণ্টায়ও তিনি কোনো সাড়া না দেওয়ায় পুলিশের দুজন নারী সদস্য তাঁর কক্ষের জানালায় টোকা দিলে তিনি খেপে যান এবং উত্তেজিত কণ্ঠে সেনাবাহিনীকে উদ্দেশ করে গালিগালাজ করেন। এ সময় তিনি বলেন, ‘আমি সবার চেহারা চিনে রাখছি। সবাইকে এর চরম মূল্য দিতে হবে। সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে।’সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল পর্যন্ত বিভিন্ন তারিখে শতাধিক কার্টন ও ব্যাগ খালেদা জিয়া তাঁর ভাই সাঈদ এস্কান্দার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ির বাড়িতে স্থানান্তর করেন। বাসায় থাকা অন্য মালামাল কার্টনে ভরে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়। এটি তাঁর বাড়ি ছাড়ার পরিকল্পিত প্রস্তুতির সুস্পষ্ট স্বাক্ষর বহন করে। তিনি জোর করে নয় বরং স্বেচ্ছায় আদালতের রায় মেনে নিয়ে বাড়ি ছেড়েছেন। যদি জোর করে তাঁকে বাড়ি ছাড়তে বাধ্য করা হতো, তবে সকাল আটটার মধ্যেই তিনি বাড়ি ছাড়তে বাধ্য হতেন।সশস্ত্র বাহিনীর সদস্যদের গালাগাল ও হুমকি দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, সে জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাওয়া হলে আইএসপিআরের পরিচালক বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বিষয়টি ভেবে দেখবে। যা ঘটেছে, আমরা শুধু তা-ই তুলে ধরলাম।’খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়লে ভোর থেকে তাঁকে কেন ঘেরাও করে রাখা হলো, জানতে চাইলে পরিচালক বলেন, ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা মইনুল সড়কের ওই বাড়িতে যান সকাল আটটায়। জোর করা হলে তিনি সকাল আটটার মধ্যে বাড়ি ছাড়তে বাধ্য হতেন। কিন্তু বাস্তবে তিনি তিনটা ১৫ মিনিটে নিজস্ব গাড়িতে করেই সেনানিবাস ছেড়ে যান। এটা তাঁর স্বেচ্ছায় বাড়ি ছাড়ারই প্রমাণ। সাবেক প্রধানমন্ত্রী তাঁর কর্মচারীদের দিয়ে ১০টি বড় ব্যাগ ও চারটি বড় কার্টন গুছিয়ে নেন এবং বাড়ির বিভিন্ন কক্ষে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে কি না, দেখেন। তিনি গাড়িতে ওঠার আগমুহূর্তে ব্যক্তিগত পরিচারিকার মাধ্যমে ফ্রিজ থেকে পানীয় বোতল ও দুটি টেবিল ল্যাম্প নেওয়া নিশ্চিত করেন। সবশেষে তিনি সমুদয় দ্রব্যসামগ্রী হেফাজতে রাখা হবে—এই মর্মে লিখিত নিশ্চয়তাপত্র সংগ্রহ করেন।খালেদার বাসভবন: ৬ শহীদ মইনুল সড়কে ১৬৮ কাঠার এ বিশাল আঙিনায় পুরোনো একতলার পেছনে দোতলা বাড়ি। একতলা থেকে দোতলার সংযোগের ব্যবস্থা রয়েছে। আঙিনাজুড়ে নানা ফলবান গাছ। জিয়াউর রহমানের একটি ভাস্কর্য আছে প্রবেশমুখে। বাড়িতে এখন জিয়া পরিবারের কেউ নেই। আছেন শুধু নিরাপত্তাকর্মীরা।বাড়ির মূল দরজা পার হওয়ার পর কিছুটা গেলেই হাতের ডানে ঘাসের লনের পাশে গ্যারেজ। সেখানে রাখা ব্যবহূত সাতটি মূল্যবান গাড়ি। মূল ভবনে ঢুকেই বাঁ দিকে বসার ঘর (ড্রইং রুম) আর ডান পাশে খাবার ঘর (ডাইনিং)। পাশে আরও একটি বসার ঘর। বাঁ দিকে মোড় নিয়ে এগোলে আরও একটি বড় আকারের বসার ঘর মূল্যবান বিদেশি আসবাবে সাজানো। এ ঘরের সঙ্গেই খালেদা জিয়ার শোবার ঘর।ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত সেলিম প্রথম আলোকে জানান, এই বাড়িতে আছে ১৮টি শীতাতপ যন্ত্র, ৪৮টি সোফা, পাঁচটি ফ্রিজ আর ছয়টি টিভি। প্রতিটি কক্ষে থাকা শোকেসগুলো খালি। জিনিসপত্র ভরে রাখা হয়েছে ২৪টি কার্টনে। বাড়ির বাগানের মাঝখানে একটি সুইমিং পুল। এটি ময়লা পানিতে ভরে আছে।