খালেদার বিরুদ্ধে প্রতিদিন রাষ্ট্রদ্রোহ মামলা করা যায়: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া ও তাঁর ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে তাঁদের বিরুদ্ধে প্রতিদিন রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া যায়। কিন্তু এখনই সরকার সেটা করছে না। সংযমের পরিচয় দিয়ে যাচ্ছে।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান অঘোষিতভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর এখন খালেদা জিয়া ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, ‘বিএনপির জন্ম জামায়াত ও যুদ্ধাপরাধীদের গর্ভে। ’৭৫-এর আগে বিভিন্ন ট্রাইব্যুনালে ২২ জন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড ও ৬৮ জনের কারাদণ্ড হয়েছিল। আর কারাগারে আটক ছিলেন ১০ হাজার যুদ্ধাপরাধী।’আইনমন্ত্রী জানান, ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর সামরিক ফরমান বলে জিয়াউর রহমান ট্রাইব্যুনাল বাতিল করে দেন ও আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেন।ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘ফখরুল এখন যে বলেন যুদ্ধাপরাধীদের মাফ করা হয়েছে, সেটা আসলে মিথ্যাচার। আগামী দুই-তিন মাসের মধ্যে অন্তত ছয়-সাতটি মামলার সাক্ষ্য গ্রহণের কাজ শুরু হবে। এমতাবস্থায় সাক্ষীদের ভয়ভীতি দেখানোর জন্য খালেদা জিয়া এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।’অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া জামায়াতের সঙ্গে আঁতাত করেছেন তাঁর দুই ছেলেকে রক্ষার জন্য। আর জামায়াত বিএনপির সঙ্গে আঁতাত করেছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে।’ তিনি আরও বলেন, ‘রোডমার্চ করলে হাঁটতে হয়, কিন্তু খালেদা জিয়া এসি গাড়িতে ঘুরে বেড়ান। এটা রোডমার্চ নয়, এতে জনগণের সমর্থনও নেই।’শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘খালেদা এত দিন প্রকাশ্যে কিছু বলেননি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থলের বিড়াল বেরিয়ে পড়েছে। তিনি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।’‘স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের চক্রান্ত: আমাদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এম এ করিম।