খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই দপ্তরে তিনি এক বৈঠক করেন।ব্রিফিং চলাকালে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কত দূর—এমন এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আছে, তবে কখন সেটা হবে, আমি এখনই তা বলব না।’নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আইন অনুযায়ী যা যা করা দরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা-ই করবে।’গুলি করার নির্দেশ আপনি দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি সে কথা পত্রিকায় বলা হয়নি। যে সংবাদ প্রকাশিত হয়েছে, এতে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে।’ হরতাল উপলক্ষে পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য করছে—এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘অনেক কথা শোনা যায়, কিন্তু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।’