খালেদার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের ঘটনায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা এজাহারটি পৃথক মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলাটি আদালত থেকে থানায় পাঠানো হয়। তবে থানায় সেটি পৃথক মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। এমনকি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবেও নয়। ওসি বলেন, খালেদা জিয়াকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জের বিচারিক হাকিম আদালতে দায়ের করা মামলাটি থানায় পাঠিয়েছেন ওই আদালত। একই ঘটনায় আগেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাই আরেকটি মামলা নথিভুক্ত করার সুযোগ নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া ওই এজাহার আগের মামলার সঙ্গেই তদন্ত করা হবে। তদন্তে কোনো প্রমাণ পাওয়া গেলে তা আগের মামলার সঙ্গে যুক্ত হবে। আর প্রমাণ না পাওয়া গেলে সেটি গ্রহণ করা হবে না। গত ৩১ জানুয়ারি আড়িয়ল বিল এলাকার হাজার হাজার মানুষ ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ করে। তাতে সহিংস ঘটনায় পুলিশের এক কর্মকর্তা নিহত এবং শতাধিক ব্যক্তি আহন হন। পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের চারটি অস্ত্র লুট হয়। এ ঘটনার নির্দেশদাতা ও উসকানিদাতা হিসেবে খালেদা জিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিন হাজার লোকের বিরুদ্ধে পরদিন আদালতে একটি মামলা করেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন। এ মামলা প্রত্যাহারসহ একাধিক দাবিতে আজ সারা দেশে বিএনপি হরতাল ডেকেছে।জানতে চাইলে আবদুল মতিন প্রথম আলোকে বলেন, তিনি নিজ তাগিদে মামলাটি করেছেন। আওয়ামী লীগের কারও পরামর্শে করেননি। তিনি বলেন, ‘মামলাটি দায়েরের পর দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, কার সঙ্গে কথা বলে আমি মামলা করেছি। জবাবে বলেছি, মামলাটি আমি নিজের উদ্যোগেই করেছি।’মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে দলের থেকে কোনো সিদ্ধান্ত ছিল না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিন মামলার আসামিরা: সহিংস বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, অস্ত্র লুট, হত্যা ও ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শ্রীনগর থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এসব মামলায় গতকাল পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, মামলা তিনটিতে সুনির্দিষ্টভাবে ১৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত হাজার জনকে আসামি করা হয়। তিনি জানান, তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলবে, তাঁরা ছাড়া আর কাউকে হয়রানি করা হবে না। এজাহার অনুযায়ী, ১৫৫ আসামির মধ্যে ডা. ফখরুল ইসলাম চৌধুরী, আজাহার হোসেন, সাইদুর রহমান, ডা. ফয়জুর রহমান, ডা. সিরাজুল ইসলাম চৌধুরী, আমানুল ইসলাম চৌধুরী, শাহাজাহান বাদল, সিরাজুল ইসলাম, মঞ্জুর রহমান দেওয়ান, ইলিয়াস, মহসীন, মিলন মাঝি, সেলিম তালুকদার, ইমরান হোসেন, হাফিজুর রহমান, আক্তার মিয়া খালেক, হুমায়ুন আহম্মেদ, ফিরোজ শাহ, চঞ্চল দেওয়ান, ইকবাল হোসেন মাস্টার, ফরহাদ হোসেন, আয়ুব আলী মাঝি, মজিবুর রহমান, সাইফুল ইসলাম, রনি, আ. মালেক, মহসিন আলম, নাসিরুল আলম, মোকদম শেখ, আলমগীর হোসেন, মামুনুল ইসলাম, ইয়াসিন, হাফেজ শাহ, মোহাম্মদ আলী, শ্রীহরি বিশ্বাস, ফরাদ হোসেন, শাহ আলম দেওয়ান, নুরুল ইসলাম, মো. দ্বীন ইসলাম প্রমুখ উল্লেখযোগ্য।