খালেদার বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন ১০ অক্টোবর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলায় আগামী ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ মামলার নথি গ্রহণ করে এ আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। তেজগাঁও থানার পুলিশ আজ দুপুরে এ মামলার এজাহারসহ অন্যান্য কাগজপত্র আদালতে দাখিল করে। খালেদা জিয়া ছাড়া এই মামলায় অপর তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান।মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উত্স থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়েছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। এর আগে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা করেছিল। সেগুলো হলো নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া কয়লা খনি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা। প্রথম তিনটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে। শেষের মামলাটি বিচারাধীন।