খালেদার মদদে নৈরাজ্য চলছে, অভিযোগ ছাত্রলীগের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মদদে জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার ঢাকা মহানগরের ২৭টি থানায় একযোগে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ অভিযোগ করেন।আজ বিকাল চারটা এক মিনিটে একযোগে মিছিল সমাবেশ শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা ২৭টি দলে বিভিন্ন থানায় এ মিছিলের নেতৃত্ব দেন। নিউমার্কেটে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপির মদদে জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’ কলাবাগানের সমাবেশে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় প্রগতিশীল আন্দোলন সংগ্রামে ছিল, আছে এবং থাকবে। কাজেই জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে।’ এ ছাড়াও আজ বনানী, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ফার্মগেট-কারওয়ান বাজার, সাতরাস্তা, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, খিলক্ষেত, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, দারুস সালাম, পল্লবী, রূপনগর, ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাষানটেক ও বনানী এলাকায় বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল রোববার বিকেল চারটায় ঢাকা দক্ষিণের ২১টি থানায়ও একইভাবে সমাবেশ হবে।