খালেদার মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক: সুরঞ্জিত
আওয়ামী লীগের নেতা ও সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিদেশে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন, তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। তাঁর এ ধরনের দাবি রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী। তিনি বিরোধী দলের নেতাকে জাতীয় সংসদে ফিরে এসে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী প্রজন্ম লীগ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে দেশেই যান সবারই এ দেশে দূতাবাস আছে। তিনি বলেন, দেশের সমস্যার সমাধান দেশেই করতে হবে। সুরঞ্জিত আরও বলেন, বিচারপতি এ বি এম খায়রুল হক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে খালেদা জিয়ার কোথায় আপত্তি তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, র্যাবকে বাতিল করার ষড়যন্ত্র না করে সংস্কার করতে হবে। এ ছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের মুখোশ খুলে ইব্রাহিম খালেদকে নির্দোষ প্রমাণ করার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান তিনি।আলোচনা সভায় আওয়ামী প্রজন্ম লীগ সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।