খালেদার মহাসমাবেশ, তবু আলাদা বরিশাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে শহরে। স্লোগান হচ্ছে, ‘বরিশালের মাটি সরোয়ারের ঘাঁটি’। স্লোগানটি ‘বরিশালের মাটি বিএনপির ঘাঁটি’ নয় কেন, এ প্রশ্ন উঠছে; বিশেষ করে, যেখানে খালেদা জিয়া আসছেন বরিশালে। প্রশ্নের জবাবও পাওয়া যাচ্ছে সহজেই। কারণ, বরিশাল বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের রয়েছে একচ্ছত্র আধিপত্য। সরোয়ার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ।বরিশাল মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আহসান হাবিবের নেতৃত্বে স্থানীয় বিএনপির অপর অংশ মজিবর রহমানের একচ্ছত্র আধিপত্য মানতে নারাজ, বিশেষ করে সরোয়ার মহানগর বিএনপির সভাপতি হতে চাওয়ায় দুটি ধারা এখন মুখোমুখি। কারণ, আহসান হাবিবও চান মহানগরের সভাপতির পদ।মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘হাবিব সাহেব হঠাত্ রাজনীতিতে এসে মহানগরের সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন। এ জন্য তাঁর সঙ্গে দ্বন্দ্ব কাজ করছে। তা ছাড়া তিনি মহানগরের আহ্বায়ক গোলাম সালেককে অবজ্ঞা করে সভা ডাকেন। এটা তো মানা যায় না।’জেলা কমিটির আহ্বায়ক হওয়া সত্ত্বেও মহানগরের সভাপতি হওয়ার আগ্রহ কেন জানতে চাইলে সরোয়ার বলেন, ‘আমি এ আসনের সাংসদ। দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত। তাই প্রতিদ্বন্দ্বিতা করছি। চেয়ারপারসন চাইলে সভাপতি হব।’ বরিশালকে বিএনপির ঘাঁটি না বলে তাঁর ঘাঁটি বলে স্লোগানের বিষয়ে তিনি বলেন, ‘জনগণের ভালোবাসার কারণে এটা হয়েছে।’আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘সরোয়ার সাহেব এলাকায় একনায়কতন্ত্র কায়েম করেছেন। বিএনপির কাউকে তিনি উঠতে দিচ্ছেন না। নিজেই সব পদ আঁকড়ে থাকতে চান। বরিশালে দলের রাজনীতি বিভক্ত করার জন্য সরোয়ার সাহেবই দায়ী।’বরিশালে দলের বিরোধ নিরসনে কাজ করেছেন বিএনপির এমন নেতারা বলছেন, বরিশাল বিএনপির শক্তি যেমন সরোয়ার, তেমনই তাঁর স্বৈরাচারী মনোভাবের কারণে স্থানীয় বিএনপির রাজনীতির বড় সমস্যাও তিনি।কোন্দলের কারণে বরিশাল বিএনপির তিনটি সাংগঠনিক জেলার দুটিতে এখনো কাউন্সিল করা সম্ভব হয়নি। সমঝোতার জন্য কয়েকবারের চেষ্টা ব্যর্থ হয়েছে খালেদা জিয়া মনোনীত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের উদ্যোগ। তবে উত্তর জেলা কাউন্সিল শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।মহাসমাবেশের পৃথক প্রস্তুতি: আজ বুধবার বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক মাঠ) বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশ। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেবেন। মহাসমাবেশের আয়োজন ঘিরে দুই পক্ষের বিরোধ আরও স্পষ্ট হয়েছে। তবে দুই পক্ষই বলছে, এই সমাবেশ হবে বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ।গত সোমবার দুই পক্ষই পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে। মজিবর রহমান সরোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করেছেন। এ সভায় আহসান হাবিব ও তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না। পক্ষটি পৃথকভাবে প্রস্তুতি সভা করে।এর আগে তৃণমূল বিএনপির ‘ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি সভায় দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। মির্জা আব্বাসের সামনেই তা ঘটে।সূত্র জানায়, মির্জা আব্বাস গত সোমবার রাতে সরোয়ার ও হাবিবকে নিয়ে বৈঠক করেন। তিনি মহাসমাবেশের আয়োজনকে কেন্দ্র করে সব ধরনের গ্রুপিং বন্ধ রাখতে বলেন। গতকাল দুই পক্ষই একসঙ্গে সার্কিট হাউসে মির্জা আব্বাসের সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তবে দুই নেতার কেউ কারও সঙ্গে কথা বলেননি।প্রথম আলোর প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এখানে যে বিভেদ, তাকে আমি কোন্দল বলব না। নেতৃত্বের প্রতিযোগিতা বলব।’ তবে এ প্রতিযোগিতা শেষ হয়ে কবে নাগাদ কমিটি গঠন করা হবে, তা তিনি বলতে পারেননি।আজকের মহাসমাবেশে যেন দুই পক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মঞ্চে কারা থাকবেন, কারা বক্তব্য দেবেন, তা মির্জা আব্বাস ঠিক করে দুই পক্ষের মতামত নিয়েছেন। সূত্র জানায়, দুই পক্ষই ওই তালিকা মেনে নিয়েছে এবং নিজ নিজ কর্মীদের শান্ত রাখার ব্যাপারে অঙ্গীকার করেছে। তবে গত রাতে দুই পক্ষ শহরে পৃথকভাবে মিছিল করেছে।অন্য জেলাগুলোর সাংগঠনিক অবস্থাও ভালো নয়: বিভাগের অপর পাঁচটি জেলায় বিএনপির পাঁচটি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে ভোলা ও বরগুনায় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়েছে। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান বয়সের কারণে ভোলার রাজনীতি থেকে সরে দাঁড়ানোয় এ জেলায় আর কোনো কোন্দল নেই।ঝালকাঠি জেলা বিএনপির কাউন্সিল হলেও সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের সঙ্গে জেবা খান ও ইলেন ভুট্টোর বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।পটুয়াখালীতে হঠাত্ রাজনীতিতে এসে জেলা কমিটিতে নিজের পছন্দের লোক বসাতে চান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি পৌর মেয়র মফিজুল ইসলামকে জেলার সভাপতি করতে চান। অন্যদিকে মো. নান্নু মিয়াকে আহ্বায়ক করায় এই জেলার কাউন্সিল হতে পারেনি।পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক গাজী নুরুজ্জামান ও প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে কাউন্সিল হয়নি।নৌ-ধর্মঘট সরকারের ষড়যন্ত্র: গতকাল দুপুরে স্থানীয় সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস অভিযোগ করেন, নৌ-ধর্মঘট সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র। বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। পাশাপাশি বাসমালিকেরা এই সমাবেশে আসতে বিএনপিকে বাস ভাড়া দিতে চাইছেন না বলে দাবি করেন তিনি।