খালেদার মামলা প্রত্যাহার করলে বিএনপি সংসদে যাবে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করলে কালই বিএনপি সংসদে যাবে। তিনি বলেন, শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করলেই সংসদে যাওয়ার পরিবেশ সৃষ্টি হবে।আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ‘সংবিধান নিয়ে চলমান সংকট: বাংলাদেশের ভবিষ্যত্’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মানববন্ধন শেষে এক আলোচনা সভায় অংশ নিয়ে মওদুদ আহমদ বলেন, সরকার সুপ্রিম কোর্টকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ হাসিল করছে। তিনি বলেন, রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাবের কারণে সুপ্রিম কোর্ট নিরপেক্ষতা হারিয়েছে।আলোচনা সভায় বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির সংসদে ফেরা না ফেরার ব্যাপারটি সরকারের ওপর নির্ভর করছে। বিরোধী দল বিএনপির সংসদে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি সংবিধান সংশোধন বন্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন।জয়নুল আবদিন বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে।আলোচনা সভায় বিএনপি নেতারা সরকারের প্রতি ব্যর্থতা মেনে নিয়ে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানান।