খালেদার মামলায় দুদককে প্রতিবেদন দাখিলের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় আগামী ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ মামলার এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে গত সোমবার রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। তেজগাঁও থানার পুলিশ গতকাল মামলার এজাহারসহ অন্যান্য কাগজপত্র আদালতে দাখিল করে। আদালত তা গ্রহণ করে দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।খালেদা জিয়া ছাড়া এ মামলায় অন্য তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান।মামলায় অভিযোগ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সময়কালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের নামে অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ ও কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনেন। আর্থিক অনিয়ম করে ওই জমির মূল্য পরিশোধ করেন। ট্রাস্টের নামে জমির নামজারিও করা হয়নি বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।