ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালপত্র সরানোর কাজ কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এসব মালপত্র নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে জানান, বাড়ির সব মালামাল ক্যান্টনমেন্ট বোর্ডের জিম্মায় আছে। খালেদা জিয়ার পরিবারের লোকজনের কাল থেকে এসব মালামাল সরিয়ে নেওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, গত ১৩ নভেম্বর সেনানিবাসের বাড়ি ছেড়ে যাওয়ার পরের দিন সকালে খালেদা জিয়ার গৃহকর্মী ইউনুসসহ তিনজন বাড়ির মালগুলো গণনা করেন। তাঁরা এর একটি তালিকাও তৈরি করেন। ১৮টি শীতাতপযন্ত্র, ৪৮টি সোফা, পাঁচটি ফ্রিজ, ছয়টি টিভি, ২৪টি কার্টনে ভরে রাখা জিনিসপত্রসহ সবকিছু এ তালিকায় রয়েছে। তালিকা ধরে ধরে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হবে। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর হোল্ডিংয়ের ১৬৫ কাঠার এ বিশাল আঙিনার দোতলা বাড়িতে ৩৮ বছর ধরে বসবাস করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উচ্চ আদালতের আদেশে ওই বাড়িতে খালেদা জিয়ার বসবাসের সময়সীমা গত ১২ নভেম্বর শেষ হয়ে যায়। এর পরের দিন ১৩ নভেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটির দায়িত্ব বুঝে নেয়। তবে খালেদা জিয়া অভিযোগ করেন, বল প্রয়োগ করে তাঁকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। অবশ্য আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে।