খালেদার মিথ্যাচারের সুস্পষ্ট জবাব দেওয়া হবে: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর ভাষণে যে মিথ্যাচার করেছেন তার সুস্পষ্ট জবাব আমরা দেব।’ তিনি বলেন, সরকার ব্যর্থ না-সফল তার বিচার হবে জাতীয় নির্বাচনে। দেশে ভাষণ ও পাল্টা ভাষণের যে সংস্কৃতি চালু হয়েছে, তা বন্ধ হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন ।আজ সোমবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে।বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, সবার আন্দোলন করার অধিকার রয়েছে। তবে সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, এতে যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ব্যাঘাত না ঘটে।প্রসঙ্গত, খালেদা জিয়া তাঁর গতকালের বক্তব্যে অভিযোগ করেন, মহাজোট সরকারের দুই বছর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুল, অসত্য, ভিত্তিহীন ও বিকৃত তথ্যে ভরা। তিনি সরকারের কঠোর সমালোচনা ও ব্যর্থতার নানা দিক তুলে ধরেন।