খালেদার মুখে ইসলামের বুলি মানায় না: বনমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার মুখে ইসলামের এত বুলি মানায় না। যাঁরা তাঁর বক্তৃতা লিখে দেন তাঁদের মধ্যে এবং তাঁর উপদেষ্টাদের মধ্যেও নাস্তিক রয়েছেন। সময় হলে তাঁদের নাম প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন হাছান মাহমুদ। আওয়ামী সমর্থক জোট নামের সংগঠন এই সমাবেশের আয়োজন করে। খবর বাসসের।পরিবেশমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, তাঁর জোটের অনেক নেতাই ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর স্লোগান দিয়েছেন। খালেদা জিয়া এখনো সেই স্বপ্নে বিভোর। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তাঁর এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।হাছান মাহমুদ বলেন, ৬ এপ্রিলের লংমার্চকে কেন্দ্র করে আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করেছে জঙ্গিরা। তিনি লংমার্চ আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে দাবিতে লংমার্চ করতে যাচ্ছেন, সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। বিচারের ব্যাপারেও বদ্ধপরিকর।’ বিরোধীদলীয় নেতার প্রতি নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বনমন্ত্রী বলেন, ‘অতীতেও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। বর্তমান পরিস্থিতিও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই আর নৈরাজ্য নয়, এখনই আলোচনায় আসুন।’সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।সভা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হরতালবিরোধী একটি মিছিল বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে পুরানা পল্টন ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।