খালেদার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন নাসিমের
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া কোন আদর্শে বিশ্বাস করেন? জিয়াউর রহমানের, জামায়াতের, নাকি হেফাজতের আদর্শে বিশ্বাস করেন? এটা আজ জাতি জানতে চায়।’আজ সোমবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি বৈঠকে এসব কথা বলেন নাসিম।মোহাম্মদ নাসিম বলেন, সরকারকে উত্খাতের লক্ষ্যে হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিএনপি-জামায়াত লাশ চেয়েছিল। এ কর্মসূচিকে উপলক্ষ করে তারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয়নি। মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেওয়া কর্মসূচি সম্পর্কে নাসিম জানান, ১৭ এপ্রিল সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে সাতটায় বনানী ও রাজশাহীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া, বেলা ১১টায় মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্যবিষয়ক সম্পাদক আফজল হোসেন প্রমুখ।