সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনটি শুনানির জন্য আদালত পরিবর্তন করা হয়েছে। বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল সোমবার রিটের শুনানি কথা ছিল। কিন্তু ওই আদালতের কার্যতালিকা থেকে আজ রোববার বিকেলে রিটটি বাদ দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট আদালতের দায়িত্ব পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি শুনানির জন্য সোমবার বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চে চূড়ান্ত করা হয়। কিন্তু প্রধান বিচারপতির কার্যালয় থেকে রিটটি কার্যতালিকা থেকে প্রত্যাহার করার কথা জানানো হয়। পরে তা তালিকা থেকেও বাদ দেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আজ বিকেল সোয়া পাঁচটায় প্রধান বিচারপতির একান্ত সচিবের পক্ষ থেকে সংশ্লিষ্ট আদালতের তালিকা থেকে রিটটি বাদ দেওয়ার কথা জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে মামলার নথিপত্র ফেরত পাঠানো হয়। প্রধান বিচারপতির আদেশের পর বিষয়টি শুনানির জন্য বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চে পাঠানো হয়। তবে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকনের কাছে রাতে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।উল্লেখ্য, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে ২৭ মে আদালত সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।