খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। ওই দিন বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা জানিয়েছেন। বেঞ্চ জানান, বিষয়টি ওই দিন কার্যতালিকায় আসবে।পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলো অনলাইনকে বলেন, রুল শুনানির জন্য আবেদন জানানো হয়েছে। ২৭ অক্টোবর বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে আদালত জানিয়েছেন।আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান, কোকোসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তিনটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। মামলা তিনটি হলো—নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি-সংক্রান্ত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সম্পর্কে গত ২৫ জুন খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো অনলাইনকে বলেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে বিএনপির চেয়ারপারসনের বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। গত ৩ ফেব্রুয়ারি আদালতের দেওয়া নির্দেশনায় যত দিন রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি না হবে, তত দিন আবেদনকারী (খালেদা জিয়া) সময়ের আবেদন জানালে সময় দেওয়ার কথা বলা হয়। এক অর্থে মামলার কার্যক্রম স্থগিত। মামলা প্রত্যাহার প্রশ্নে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পরপরই চারটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। কিন্তু সরকারের তরফ থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এ চারটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।