খালেদার রোডমার্চ শুরু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা অভিমুখে রোডমার্চ শুরু হয়েছে। কাল রোববার খুলনার সার্কিট হাউস মাঠে জনসভার মধ্য দিয়ে রোডমার্চ শেষ হবে।সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে থেকে রোডমার্চের যাত্রা শুরু হয়। এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর হয়ে রোডমার্চটি খুলনা পৌঁছাবে। এবারের রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভায় ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। পথসভা হবে পাবনার ঈশ্বরদী, যশোর, ঝিনাইদহে আর জনসভা হবে কুষ্টিয়া ও খুলনায়।সময় থাকলে কাল রোববার বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করার পরিকল্পনাও রয়েছে খালেদা জিয়ার।বিএনপির নেতারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চল অভিমুখে এই রোডমার্চে বিএনপির নেত্রীর বক্তব্যে সরকারের ব্যর্থতা, টিপাইমুখ বাঁধ ও পদ্মা সেতু প্রসঙ্গ গুরুত্ব পাবে।খুলনা অভিমুখে রোডমার্চ প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গতকাল যশোরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, কুষ্টিয়ার জনসভায় ১০ লাখ, ঝিনাইদহে ৭০ থেকে ৮০ হাজার এবং যশোর ও খুলনার জনসভায় দুই লাখ করে লোকসমাগম ঘটানো হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা করছেন, রোডমার্চের বহরে তিন হাজার গাড়ি থাকবে।কর্মসূচি অনুযায়ী, গাড়িবহর ঢাকা ছাড়ার পর প্রথম পথসভাটি হবে বেলা একটায় পাবনার দাশুড়িয়ায়। বেলা তিনটায় কুষ্টিয়ার ডিগ্রি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে হবে পথসভা। যশোর সার্কিট হাউসে রাতযাপন করবেন খালেদা জিয়া। রোববার বেলা ১১টায় যশোর ঈদগাহ ময়দানে পথসভা হবে। এরপর বেলা সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউস মাঠে সর্বশেষ জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট এই রোডমার্চ কর্মসূচি পালন করছে। এর আগে ১০ অক্টোবর সিলেট অভিমুখে ও ১৮ অক্টোবর উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হয়।