খালেদার লিভ টু আপিলসহ দুটি আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসনের করা লিভ টু আপিল ও স্থগিতাদেশ চেয়ে করা আবেদন উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনানিবাসের বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে এবং বাড়ি ফিরিয়ে দিতে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনও খারিজ করা হয়েছে।আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া আদালত অবমাননার অভিযোগে খালেদা জিয়ার করা মামলাটির শুনানি আদালত কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন। দুপুর ১২টার দিকে আদালতে এ আদেশ দেন।অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া: বেলা ১১টা ৫০ মিনিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, চারটি আবেদন শুনানির জন্য ছিল। এগুলো হলো—হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল, হাইকোর্টের রায় স্থগিতের আবেদন, নিষেধাজ্ঞার আবেদন ও আদালত অবমাননার আবেদন। আদালতের নির্দেশ সত্ত্বেও খালেদা জিয়ার আইনজীবীরা প্রায় ৯০ মিনিট লিভ টু আপিলের শুনানি শুরু করেননি। মামলা তালিকাভুক্ত হওয়ার পর, শুনানি না করে সময়ক্ষেপণ করেছেন। তাঁর আইনজীবীরা মামলা উপস্থাপনও করেননি। তাই লিভ টু আপিল, হাইকোর্টের রায় স্থগিতের আবেদন ও নিষেধাজ্ঞার আবেদন খারিজ হয়ে গেছে। মামলা করে তা উপস্থাপন না করা নজিরবিহীন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ শুনানির দিন ধার্য ছিল। তাঁরা আদালত অবমাননার শুনানি করতে চেয়েছেন। আদালত বলেছেন, লিভ টু আপিলসহ ক্রম অনুসারে আবেদনগুলো শুনবেন। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁদের আবেদনের সারবত্তা নেই বলেই তাঁরা শুনানি করতে চাননি। রাজনৈতিক ইস্যু সৃষ্টির জন্য তাঁরা এমনটা করেছেন বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, গতকাল বিকেলে প্রকাশিত আজকের জন্য করা আপিল বিভাগের কার্যতালিকায় ‘বেগম খালেদা জিয়া বনাম বাংলাদেশ সরকার এবং অন্যান্য’ শিরোনামে লিভ টু আপিলের শুনানি ৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। একই ক্রমিকে এরপর লেখা ছিল, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন, আগের অবস্থায় বাড়ি ফিরিয়ে দিতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা যেভাবে রয়েছে সেভাবে রাখতে স্থিতাবস্থার আবেদন এবং সর্বশেষে আদালত অবমাননার আবেদনটি।খালেদার আইনজীবীদের প্রতিক্রিয়া: খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। আমরা নট প্রেস (উপস্থাপন করা হয়নি) চাইনি। তার পরও উপস্থাপন করা হয়নি বলে বিবেচনা করা হয়েছে। খালেদা জিয়াকে উত্খাত করা হয়েছে তাঁকে অপমান করার জন্য। এটা বিচারাধীন ছিল। এ উচ্ছেদের মাধ্যমে সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করা হয়েছে। আমরা আদালত অবমাননার শুনানি করতে চাই। আদালত লিভ টু আপিল শুনতে চেয়েছেন। সাত দিন সময় চেয়েছি, সেটা পাইনি। এমনকি চা-বিরতি পর্যন্ত সময় চেয়েছি। সেটাও দেওয়া হয়নি। এটা কোনো বাড়িভাড়ার মামলা নয়, এটি একটি ঐতিহাসিক মামলা।’মওদুদ আহমদ বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলাম। আপিল বিভাগ ১০ নভেম্বর আজ শুনানির দিন ধার্য করেছিল। কিন্তু ১৩ নভেম্বর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদের পর চেম্বার বিচারপতির কাছে আরও দুটি আবেদন করা হয়। এ নিয়ে তিনটি আবেদন আপিল বিভাগের শুনানির তালিকায় ছিল। আদালত অবমাননার মামলাটি শুনানি করতে চেয়েছি। কিন্তু আদালত এ আবেদনের ওপর আজ শুনানি করতে চাননি। আমি শুনানি করতে চাইলে আমাকে বসিয়ে দেওয়া হয়। এ পর্যায়ে টি এইচ খান ও রফিক-উল হক এক দিনের জন্য হলেও যেন শুনানি মুলতবি করা হয়, তার আবেদন জানান। রেওয়াজ আছে, এমন আবেদন করলে শুনানি মুলতবি করা হয়। আবেদনগুলো কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদালত অবমাননার আবেদনটির শুনানির আরজি জানানো হয়। আদালত কোনোটাই গ্রহণ করেননি। আদালত অপ্রত্যাশিতভাবে আমাদের আবেদন শুনানি ছাড়াই আমাদের আবেদন দুটি খারিজ করে দেন।’আইনজীবীদের বিক্ষোভ: বিএনপি-সমর্থিত আইনজীবীরা আদালতের এ আদেশের পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী সমিতি ভবনে যাওয়ার সংযোগ সড়কে বিক্ষোভ করেন। নিরাপত্তা: শুনানিকে কেন্দ্র করে আদালত অঙ্গনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিচারক ও আইনজীবী ছাড়া কাউকে আদালতের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে ভিতরে যান। ফিরে দেখা: ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মঈনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট গত ১৩ অক্টোবর তাঁর রিট আবেদনটি খারিজ করেন । রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন ৮ নভেম্বর। পরদিন চেম্বার বিচারপতি বিষয়টি ১০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালে আদালত ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হয়। পরদিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়।খালেদার মামলা: ২৩ নভেম্বর খালেদা জিয়া সরকারের তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন। লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—এমন অভিযোগে আবেদনটি করা হয়। এতে প্রতিরক্ষাসচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মোর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এস এম এমদাদুল হক, ঢাকা সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তানভির হাসান মজুমদার ও আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়। একই দিন সেনানিবাসের বাড়িটি তাঁকে ফেরত দেওয়া অথবা ওখানকার স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে আরেকটি আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আবেদন দুটি আজ শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।মামলায় অভিযোগ: আদালত অবমাননার আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এর আগে বাসার টেলিফোন ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা তিনটার দিকে তাঁকে অমানবিকভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সৈয়দ সালেহ আজম বনাম গণপূর্ত মামলার উদাহরণ টেনে আবেদনে বলা হয়, আদালতের এখতিয়ারাধীন বিষয়ে সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তা ক্ষমার অযোগ্য অপরাধ। অপর আবেদনে খালেদা জিয়াকে যেন বাড়ির দখলস্বত্ব ফিরিয়ে দেওয়া হয়, সে জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অন্যথায় বাড়ির স্থাপনা অপসারণ না করতে স্থিতাবস্থা বজায় রাখার আরজি জানানো হয়েছে।