খালেদার সমালোচনাকে নিচু মানসিকতা বললেন মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়াশিংটন টাইমস’-এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে সরকারের মন্ত্রী-সাংসদদের সমালোচনাকে ‘নিচু মানসিকতা ও অসহিষ্ণুতার’ পরিচায়ক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রাতে প্রথম আলো ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।মওদুদ আহমদ বলেন, ‘সরকারের প্রতিক্রিয়া প্রমাণ করে, “ওয়াশিংটন টাইমস”-এ খালেদা জিয়া যা লিখেছেন, তা সত্য এবং তা বাংলাদেশের বাস্তব অবস্থার একটি খণ্ডচিত্র মাত্র।’ তিনি বলেন, ‘দেশের ভেতরে বা বাইরে সরকারের সমালোচনা করলেই তা রাষ্ট্রদ্রোহিতা হয় না। এটাকে “রাষ্ট্রদ্রোহ” বলা মোটেও সমীচীন না।’ মওদুদ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইকোনমিস্ট, ওয়াশিংটন পোস্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাড়াও নয়টি মানবাধিকার সংস্থা সরকারের বিভিন্ন বিষয়ে খালেদা জিয়ার চেয়ে আরও বেশি সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে। সে সব প্রতিবেদনও সরকার প্রত্যাখ্যান করেছে। কারণ, এসব সমালোচনা সহ্য করার মতো ধারণশক্তি সরকারের নেই।নিবন্ধটি খালেদা জিয়া বাংলাদেশের গণমাধ্যমে দিতে পারতেন কি না—এ প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ‘আজকালকার তথ্যপ্রযুক্তির এ যুগে এখানে বা ওখানে লেখার মধ্যে তফাতটা কী? দেশের বাইরে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবেদনটি “ওয়াশিংটন টাইমস”-এ দেওয়া হয়েছে।’তবে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘বিদেশি গণমাধ্যমে এ ধরনের নিবন্ধ প্রকাশ নতুন কোনো বিষয় না। লিখিত হোক, বা সাক্ষাৎকার হোক; অতীতে অনেকেই এ ধরনের নিবন্ধ লিখেছেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে গিয়ে এ ধরনের সাক্ষাত্কার দিয়েছেন।’সংসদে সরকারের মন্ত্রী-সাংসদের কে কী বলেছেন, তা দেখে এ বিষয়ে কথা বলবেন বলে প্রথম আলো ডটকমকে জানান তরিকুল ইসলাম।