খালেদার সমালোচনায় হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের ডাকা হরতালের প্রতি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও সমর্থন দেওয়ায় বেগম জিয়ার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওলামা মাশায়েখসহ সর্বস্তরের মানুষের মতামত নিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এ শিক্ষানীতিতে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ স্বাধীনতাবিরোধী ও বুদ্ধিজীবী হত্যাকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা শিক্ষানীতির বিরুদ্ধে হরতাল আহ্বান করেছে।বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা যথেষ্ট অবদান রাখলেও মাদ্রাসা থেকে পাস করা ছাত্রদের চাকরির সুযোগ সীমিত। নতুন শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে পাস করা ছাত্ররা যাতে চাকরির সুযোগ পায় তার ব্যবস্থা করা হয়েছে।’সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। সভার শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। দেশে বিনিয়োগ বেড়েছে, উত্পাদিত পণ্যের রপ্তানি বেড়েছে, দ্রব্যমূল্য কমার পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। ফলে বেড়েছে মানুষের আত্মবিশ্বাস। এ জন্যই এবার মানুষ দীর্ঘদিন পর এবার বিজয় দিবসে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল।প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ গত নির্বাচনে আমাদের পক্ষে যে বিপুল রায় দিয়েছে, সে রায়কে আমরা দেশের উন্নয়নের জন্য জনগণের দেওয়া দায়িত্ব বলে মনে করি। যেকোনো মূল্যে আমরা সে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’ এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিজয় দিবসে স্বাধীনতাবিরোধীর গ্রেপ্তারের খবর পেয়ে হাজার হাজার নতুন প্রজন্মের যুবক-যুবতী আনন্দে মেতে উঠেছিল। বিপুলসংখ্যক নতুন প্রজন্ম আওয়ামী লীগের বিজয় মিছিলে যোগ দিয়েছে। ফলে অতীতের চেয়ে এবারের বিজয় মিছিল অনেক দীর্ঘ হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বাসস।