খালেদা জিয়ার সম্পদের হিসাব পুনরায় তদন্তের জন্য নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।গতকাল রোববার দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যকে ‘অশালীন’ বলে মন্তব্য করা হয়।বঙ্গবন্ধু এবং তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সম্পর্কে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু জাতির পিতা। জনগণের মতামতের ভিত্তিতেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন। তাঁকে নিয়ে ভবিষ্যতে নোংরা ও অশোভন বক্তব্য দেবেন না। মনে রাখবেন, সত্য খুবই কঠিন ও নির্মম। সত্য কাউকে ছাড়ে না।’ তিনি বলেন, ‘আমরা অশালীন বক্তব্য দিতে পারি না। তথ্য নিয়েই বক্তব্য দেই। অকাট্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে খালেদা জিয়ার সম্পদসহ সেনানিবাসের বাড়ি থেকে নিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্রের খতিয়ান তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিরোধীদলীয় নেত্রী স্বীকার করে নেবেন বলেই আমাদের প্রত্যাশা ছিল। অথবা বিরোধীদলীয় নেত্রী সংসদে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে পারতেন। কিন্তু তিনি আড়ালে থেকে একজন বৃদ্ধ মানুষকে দিয়ে এমন মিথ্যাচার করালেন, যা তাঁর উচিত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর বাড়িতে দেড় শ বছরের পুরোনো দালান আছে। বঙ্গবন্ধুর পিতা তাঁকে কলকাতায় হোস্টেলে রেখে লেখাপড়া করিয়েছেন। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে মন্ত্রী, জাতীয় পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে তিনি সে দলের সাধারণ সম্পাদক হন। অথচ বঙ্গবন্ধু কী করে ৩২ নম্বরের বাড়ি বানালেন, সে সম্পর্কে বিএনপির নেতারা জানতে চান। তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও তিনি আজীবন এ দেশের মেহনতি মানুষের জন্য জেল-জুলুম-নির্যাতন সয়েছেন, যা আর কেউ করেননি। মন্ত্রিত্ব ছেড়ে তিনি দলের হাল ধরেছেন। সৈয়দ আশরাফ বিএনপির মহাসচিবের বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, খোন্দকার দেলোয়ার খালেদা জিয়ার শেখানো তোতাপাখির মতো কিছু কথা বলে গেছেন। তিনি বঙ্গবন্ধুর কর শনাক্তকরণ নম্বর (টিন) জানতে চান। কিন্তু তিনি এটা জানেন না যে বঙ্গবন্ধু মারা যাওয়ার সময়ও এ দেশে টিন নম্বরের প্রচলন হয়নি। ’৯০-এর দশকে দেশে টিন নম্বরের প্রচলন হয়।সৈয়দ আশরাফ বলেন, বিএনপির নেতাদের জানা উচিত, প্রধানমন্ত্রী সংসদে যখন কোনো তথ্য দেন, তা তথ্য-প্রমাণ ছাড়া দেন না। সেনানিবাসের বাড়িতে খালেদা জিয়ার জিনিসপত্র সম্পর্কে প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন তা সঠিক। সে বাড়ি থেকে কী কী মালপত্র নিয়ে যাওয়া হয়েছে, আরও কী কী চাচ্ছেন তার হিসাব আছে। প্রয়োজনে সে তালিকা প্রকাশ করা হবে। কী মালামাল তাঁরা বুঝে পেয়েছেন তা-ও জানানো হবে। সেনানিবাসের বাড়ি পুনরুদ্ধার, দুর্নীতিবাজ দুই পুত্রকে রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই বিএনপি পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সম্পর্কে মিথ্যাচার করছে বলে তিনি অভিযোগ করেন।সৈয়দ আশরাফ বিএনপির মহাসচিবের সমালোচনা করে বলেন, খোন্দকার দেলোয়ার প্রবীণ রাজনীতিবিদ হলেও ইদানীং দলে দিনকাল ভালো যাচ্ছে না বলে শোনা যায়। তাঁর দুই পুত্র ও পরিবারের নানা কীর্তির কারণে তাঁকে সরিয়ে দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। তিনি তাই পদ রক্ষার জন্য খালেদা জিয়া ও তাঁর পুত্রদ্বয়ের কৃপালাভের আশায় মরিয়া হয়ে উঠেছেন।সৈয়দ আশরাফ বলেন, তিনটি সংস্থার কাছে জমা দেওয়া খালেদা জিয়ার সম্পদের বিবরণীর সঙ্গে তাঁর বিত্তবৈভবের মিল আছে কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা দরকার। খালেদা জিয়ার আয়ের উৎস, বিপুল সম্পদ এবং জমা দেওয়া সম্পদের বিবরণীর সঙ্গে তাঁর জীবনধারণের কী পরিমাণ ব্যবধান আছে, তা-ও খতিয়ে দেখতে হবে। সরকারের মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা-সংক্রান্ত নির্বাচনী প্রতিশ্রুতির কথা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, নির্দিষ্ট সময়েই সম্পদের হিসাব তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন। আয়কর বিভাগ ও অর্থ মন্ত্রণালয় চাইলেই তা প্রকাশ করতে পারে। এ ব্যাপারে অনুমতির প্রয়োজন হলে তাতেও কোনো আপত্তি নেই। তবে তাঁরা নিজেরা এই হিসাব জনসমক্ষে প্রকাশ করতে পারেন না বলে তিনি জানান।আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিরোধীদলীয় নেত্রী আগে চার কোটি টাকার সম্পদ দেখিয়ে জরিমানাসহ ৮৪ হাজার টাকা কর দিয়েছেন। জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অনভিপ্রেত ও অপ্রয়োজনীয় তিক্ততা সৃষ্টি করে দেশের স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে চায়। সংঘাতময় রাজনীতির দিকে দেশকে ঠেলে দিয়ে দুর্নীতির মধ্যদিয়ে উপার্জিত অর্থসম্পদ ও বিত্তবৈভব এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। যুক্তিনির্ভর তথ্য-উপাত্তের সমর্থন ছাড়া বে-ফস্কা বুলি আউড়িয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত করার যে ভ্রান্ত পথে তাঁরা চলছেন, তা দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের দেশবাসীর আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করতে পারবে না। সেনানিবাসের বাসভবন থেকে ২৯টি বড় বড় যানবাহনে করে বিরোধীদলীয় নেত্রী যেসব মূল্যবান মালামাল নিয়ে গেছেন, তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরে সৈয়দ আশরাফ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, বহুল প্রচারিত জিয়াউর রহমানের ভাঙা স্যুটকেস কাহিনি, রাষ্ট্রের দেওয়া বিধবা ভাতা আর সন্তানদের শিক্ষা ভাতা, বকশিশ, খয়রাতি ও আবাসনের সুবিধা নিয়ে যাঁর বা যে পরিবারের যাত্রা শুরু, তিনি বা তাঁরা আজ কীভাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারে পরিণত হলেন? অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন একজন যুদ্ধাপরাধী ও ঘৃণিত রাজাকার। ২১ আগস্টের গ্রেনেড হামলায় মুহিউদ্দীন মুফতি হান্নানের সহযোগী ছিলেন। সেই মুহিউদ্দীনের হরতালে বিএনপি-জামায়াত সমর্থন দিয়েছে। এতেই প্রমাণ হয়, যুদ্ধাপরাধীদের সঙ্গে তাদের কী সম্পর্ক। যুদ্ধাপরাধী ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষার জন্যই এই হরতাল। তবে তাদের এই প্রয়াসও ব্যর্থ হবে। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে ছিলেন আবদুল মান্নান খান, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।