খালেদার সম্পদের হিসাব চাইলেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সম্পদের হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে অর্থমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়কর বিভাগ তদন্ত করে দেখুক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া হিসাবের সঙ্গে তা সংগতিপূর্ণ কি না। তাঁর আয়কর ফাইল খতিয়ে দেখা হোক। কারণ সেনানিবাসের বাসভবনের যেসব অতি মূল্যবান জিনিসপত্র তিনি নিজের বলে দাবি করছেন, সেগুলো সম্পর্কে কোনো তথ্য সেখানে আছে কি না।বিরোধী দলের সংসদ বর্জনের সমালোচনা করে সংসদ নেতা বলেন, ‘বিরোধী দলের সদস্যদের সংসদ বর্জনের কারণটা দেশবাসীর কাছে পরিষ্কার নয়। সংসদে কথা বলতে না দেওয়ায় আমরা সংসদ বর্জন করেছিলাম। এখন তো সংসদে কেউ তাঁদের মাইক বন্ধ করে না। তাহলে তাঁরা কেন সংসদে আসছেন না।’সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব বলেন। এর আগে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।এরশাদও বিএনপির সংসদ বর্জনের সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে এসে জনগণের কথা বলেন। হরতাল করে মানুষকে জিম্মি করবেন না। কারও মান-অভিমান দেখার সুযোগ নেই।এরশাদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ওনার ভাবি সাহেব সংসদে নাই, উনি তো আছেন। ওনার ভাবি সাহেবের মান উনি ভাঙাবেন কি না, উনি ভেবে দেখবেন। তবে ভাবী সাহেবার বদলে উনি এভাবে সংসদে দায়িত্ব পালন করলে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে না।’শেখ হাসিনা বেগম জিয়ার বাসভবন সম্পর্কে বলেন, ‘এরশাদ সাহেব আদর করে ভাবি সাহেবাকে বাড়ি দিয়েছেন, তাই ওটা তুলেন কী করে। সামরিক বাহিনীর বাড়ি এরশাদ সাহেব এক কলমের খোঁচায় কীভাবে খালেদা জিয়াকে দিলেন, তার জবাবও হয়তো তাঁকে দিতে হবে।’শেখ হাসিনা বলেন, কথা ছিল গুলশানের বাড়ি দেওয়ার পর তিনি সেনানিবাসের বাড়ি ছেড়ে দেবেন। কিন্তু দেননি। ১৬৮ কাঠা দেওয়া হলেও উনি দখলে রেখেছিলেন ২২৮ কাঠা। এখন আদালতের রায় অনুসারে সামরিক বাহিনীর জমি সামরিক বাহিনীর হাতেই চলে যাবে। অথচ এ বাড়ি নিয়ে অনেক হরতাল হলো। মানুষ হত্যা হলো।প্রধানমন্ত্রী বলেন, ওই বাড়িতে ছিল ৪৫টি কামরা, ৬৪টি এসি, ৭১টি সোফা সেট, ১৭টি ফ্রিজ, এক ডজন বাথরুম, সাত হাজার ২০০ বর্গফুট কার্পেট, রান্নাঘর চারটিসহ অসংখ্য মালামাল। ২৯টি গাড়িতে করে তাঁর মালামাল নেওয়া হয়।এখন আবার বাড়িতে থাকা থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, দরজা, গ্রিল, কমোড, বেসিন, আয়না, চৌকাঠসহ কাঠের দরজা, পানির ট্যাংক, ইতালি পর্দা ও কার্পেট, সিঁড়ির হাতলসহ অসংখ্য জিনিস খুলে নিয়ে যেতে চান। মানুষ তো বাড়ি ছাড়লে এসব জিনিস নেয় না। নিশ্চয়ই এসব জিনিস অনেক মূল্যবান বলে উনি নিয়ে যেতে চান। বিরোধীদলীয় নেত্রী নিজেই তো বাড়ি ছাড়ার দিন ক্যান্টনমেন্ট বোর্ডের লোকদের বলেছেন, এসব দামি জিনিস যেন নষ্ট না হয়।প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, যেসব সম্পদ নিয়ে গেলেন, এগুলো কি সব ওনার নিজের পয়সায় কেনা? অতি মূল্যমানের জিনিস কেনার অর্থ তিনি কোথায় পেলেন? নিজের টাকায় কেনা হলে এর উৎস জাতিকে জানাতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মাটিতে কোনো সন্ত্রাস চলতে দেব না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ বেঁচে আছি, মানুষের জন্য কাজ করে যেতে চাই।’ তিনি বলেন, ‘গতবার ক্ষমতায় এসে সেনাবাহিনীর জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলাম, এবার মাছ-মাংস-ডিমের ব্যবস্থা করা হয়েছে।’ বর্ডার গার্ড আইন সম্পর্কে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচারও হবে। তিনি বলেন, মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত শতকরা ৯৮ শতাংশ কার্যকর করা সম্ভব হয়েছে।ঢাকার যানজট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাটির নিচ দিয়ে রাস্তা এবং ফ্লাইওভার করার উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় পার্টির প্রাদেশিক সরকারের প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে সাত প্রদেশ করে খুব লাভ হবে না। কিছু কর্মকর্তা বাড়বে আর খরচ বাড়বে। এতে করে মাথাভারী প্রশাসন তৈরি হবে। এর চেয়ে জেলা-উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারলে বেশি লাভ হবে।