খালেদার সেনানিবাসের বাড়ির ইজারাসংক্রান্ত নথিপত্র তলব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারাসংক্রান্ত নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে এসব নথিপত্র সরবরাহ করতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।শুনানিতে খালেদার পক্ষে অংশ নেন মওদুদ আহমদ। তিনি আদালতে তাঁদের দেওয়া বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য নথি তলবের আরজি জানান।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, সময় ক্ষেপণের জন্য এ আবেদন করা হয়েছে। এর পর আদালত এ নির্দেশ দেন।সরকার গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন।