খালেদার সেনানিবাসের বাড়ি: চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মওদুদ আহমদের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচাপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।এর আগে ৮ মার্চ খালেদা জিয়ার আইনজীবীর সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেছিলেন।মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, সোমবার দুপুরে শুনানির ক্ষণ নির্ধারণ করা হয়েছে। এ মামলায় জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান অন্য একটি মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য দিচ্ছেন। কিন্তু এ মামলায় তাঁর উপস্থিতি জরুরি। তিনি আরও বলেন, সরকার পক্ষ সময়ের আবেদনের বিরোধিতা করে শিগগির শুনানির তাগিদ দেয়।উল্লেখ্য, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ওই নোটিশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। ইতিমধ্যে এই স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত বছরের ১৪ ডিসেম্বর ওই স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেন আদালত।