খালেদার সেনানিবাসের বাড়ির সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাড়ির বিষয়টি রাজনৈতিকভাবে মীমাংসার কোনো সুযোগ নেই। আদালতের রায় অনুযায়ী তাঁকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিতে হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ১০১তম মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে’—এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ব্যাপারে আদালতে সরকার যায়নি। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রাখেনি। যিনি আদালতে গেছেন, তিনি আদালতের কাঁধে বন্দুক রেখেছেন।’ আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ যে কেউ ইচ্ছে করলেই কাউকে দিতে পারে না। আর সেনানিবাসের বাড়িটি যেহেতু সামরিক সম্পদ, তাই এটি বেসামরিক নাগরিকদের দেওয়ার কোনো সুযোগ নেই।কেউ আইনের ঊর্ধ্বে নয়, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, খন্দকার মাহবুবের বক্তব্য আদালতের প্রতি অবজ্ঞার শামিল এবং আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।—বাসস