খালেদার স্বপ্ন পূরণ হওয়ার নয়: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, ‘তরুণ নেতৃত্বের’ কাছে ক্ষমতা হস্তান্তরে বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হওয়ার নয়। আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ সুদূর পরাহত। এটা হচ্ছে স্বপ্নবিলাস।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত ‘বিএনপি, জামায়াতের রাজনীতি—সন্ত্রাসী, লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনার আয়োজন করে। আইন প্রতিমন্ত্রী বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত ইস্যু। এটি আর জন্ম লাভ করবে না। এখন সহিংস আন্দোলনের পথ পরিহার করে সংসদে আসুন। কীভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করা যায় তা নিয়ে আলাপ-আলোচনা করুন।কামরুল ইসলাম বলেন, জামায়াতের ঔরসে বিএনপি নামক দলটির জন্ম। তাই খালেদা জিয়ার অস্তিত্ব এখন জামায়াতের মধ্যে বিলীন হয়ে গেছে। তিনি যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনাল প্রসঙ্গে বলেন, পৃথিবীর যেকোনো ট্রাইব্যুনালের চেয়ে বাংলাদেশের ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচার বিশ্বের জন্য মডেল হবে।