খালেদার হৃদয়ে পেয়ারে পাকিস্তান: প্রধানমন্ত্রী (অডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদয়ে ‘পেয়ারে পাকিস্তান’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেছেন, ‘আর মানুষ পোড়াবেন না, গাড়ি ভাঙবেন না। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনার প্রিয় পাকিস্তানে আপনি চলে যান। দিল মে যো পেয়ার হ্যায়, তা নিয়ে পাকিস্তান যান।’আজ বুধবার বিকেলে স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর বক্তব্যের অনেকটা জুড়েই ছিল গত চারদলীয় জোট সরকারের নানা কর্মকাণ্ড, ‘গণহত্যা’ এবং সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা।আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলার মাটিতে তাদের স্থান নেই। বিএনপির চেয়ারপারসন ও ১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার দাবি অনুযায়ী ২৭ মার্চ আপনার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর আপনি এদিন স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে হরতাল পালন করছেন। আপনি আপনার স্বামীর ঘোষণায় বিশ্বাস করেন, নাকি জামায়াতকে বাঁচানোর নীতিতে বিশ্বাস করেন?’বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা থেকে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার, সরকার তার সবই করবে। বিরোধীদলীয় নেতা দেশের সেনাবাহিনীকে উসকে দিচ্ছেন—এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণজাগরণ বিরোধীদলীয় নেতার পছন্দ হচ্ছে না। তাই উনি সেনাবাহিনীকে উসকানি দিয়েছেন। তবে এটা ১৯৭৫ সাল নয়, এখন ২০১৩ সাল।’প্রধানমন্ত্রী পালানোর পথ পাবেন না বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমি পালাব না। আমার জন্ম এই মাটিতে। এই মাটিতেই মরব। বরং পালানোর অভ্যাস আপনার। আপনার জন্ম এই মাটিতে হয়নি।’বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘৮৬ সালে পালিয়েছিলেন কেন? ক্যান্টনমেন্টের বাড়ি থেকে পালিয়ে পূর্বাণী হোটেলে গিয়েছিলেন। সঙ্গে ছিল কে এম ওবায়দুর রহমান। বিডিআর বিদ্রোহের সময়ও পালালেন; সাত দিন কোনো খবর নেই। এক মাস পর ক্যান্টনমেন্টের বাসায় ফিরলেন।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ওয়ারেন্ট মাথায় নিয়ে আমি দেশে এসেছি। আমি প্রতিবাদ না করলে উনি তখনো দেশের বাইরে চলে যেতেন।’খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণহত্যা তো আপনি করেছেন। গণহত্যার যদি বিচার করতে হয় তাহলে সে বিচার আপনার বিরুদ্ধে করা হবে। সারের দাবি করায় গুলি করে আপনি মানুষ মেরেছেন। বিদ্যুৎ দাবি করায় মানুষ মেরেছেন। গ্রেনেড হামলা করে আমাদের হত্যার চেষ্টা করেছেন।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ব্যাহত করতে খালেদা জিয়া সামরিক বাহিনীকে উসকে দিয়েছেন।...বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু বুদ্ধিমান। তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা বিরোধী নেত্রীর বক্তব্য গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা মনে করি বিএনপির প্রধান দায়িত্ব নিয়েই কথা বলেন। এখানে থুক্কু দেওয়ার কিছু নেই।’ সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, সাবেক উপাচার্য আবদুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী, আবদুল মতিন খসরু, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, এনামুল হক শামীম। কবিতা আবৃত্তি করেন দলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর।