যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপন হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার যশোর সদর আসনের আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমানের এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক জেলা ছাত্রলীগের একাংশ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। ওই হত্যাকাণ্ডের জন্য তারা এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে।এদিকে শহর আওয়ামী লীগের নেতা রবিউল আজিজ ওরফে তপুকে ছুরিকাহতের ঘটনায় করা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শহরের রেলগেট এলাকার ইব্রাহিম খলিল (৪০), মঈনুল হোসেন ওরফে শাহিন (৩৫) ও সাগর (৪৫)। রেলগেট এলাকা থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিউল আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।সাংসদ খালেদুর রহমান তাঁর সমর্থক আওয়ামী লীগ নেতাদের নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে সাংসদ খালেদুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের একাংশের অপতত্পরতায় যশোর শহর অশান্ত হয়ে উঠেছে। কালো টাকা ছড়িয়ে ও বোমা ফাটিয়ে মানুষ খুন করে শাহীন চাকলাদার সন্ত্রাসের শিরোমণি হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের হাফিজুর রহমান (২৪), মো. শামীম (২২), মিকাইল (২৫), শাহাজাহান (২৪) ও রঘুনাথপুর গ্রামের ইকবাল (২৩) রিপনকে নৃশংসভাবে খুন করেছেন। তাঁরা রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁরা সবাই শাহীন চাকলাদারের ক্যাডার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল বাহিনীর লোক। তিনি আরও বলেন, ‘চোর, সন্ত্রাসী আমার কাছে আসতে পারে; কিন্তু আমি কাউকে প্রশ্রয় দিইনি। যে কারণে আমার সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব। এসব সন্ত্রাসীকে ধরার কথা প্রশাসনকে বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন জনমত গঠন করে প্রশাসনকে চাপ দিয়ে এ কাজ করাতে হবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য, এ জেড এম ফিরোজ, যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ প্রমুখ।এদিকে বেলা আড়াইটার দিকে শাহীন চাকলাদার সমর্থক ছাত্রলীগের নেতারা শহরের দড়াটানা মোড়ের আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, এজাহারভুক্ত আসামিরাই রিপনকে খুন করেছেন। তাঁরা সবাই আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক শীর্ষনেতার ছত্রচ্ছায়ায় থাকেন। আর ওই নেতা সাংসদ খালেদুর রহমানের অনুসারী। মাহমুদ হাসান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি বিপ্লব সরকার, সংগঠনের পণ্ড হয়ে যাওয়া সম্মেলনে শাহীন চাকলাদার সমর্থক প্যানেলের সভাপতি পদপ্রার্থী লুত্ফুল কবির, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সল খান প্রমুখ।খালেদুর রহমানকে ইঙ্গিত করে শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, ওপরে কোনো একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন, যাঁর ভয়ে পুলিশ আসামিদের ধরতে পারছে না। তিনি বলেন, শাহারুল নিবেদিতপ্রাণ কর্মী। তিনি আদর্শের বাইরে কারও সঙ্গে মেশেন না। আর খুনিরা আওয়ামী লীগের আদর্শের কেউ নয়। তাই শাহারুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা নয়।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, আসামিদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। যেকোনো মূল্যে তাদের ধরা হবে।