খালেদের মরদেহ আনার অভিযান আগামীকাল শুরু
মাউন্ট এভারেস্ট জয় করে নামার পথে মারা যাওয়া বাংলাদেশি পর্বতারোহী ও চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ খালেদ হোসেনের (সজল খালেদ) মৃতদেহ নামিয়ে আনার অভিযান আগামীকাল শনিবার শুরু হচ্ছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে মরদেহ নামিয়ে আনা হবে।খালেদের মৃতদেহ আনতে অভিযানের দায়িত্ব পেয়েছে কাঠমান্ডুর সেভেন সামিট ট্রেকস লিমিটেড।নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন আজ শুক্রবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ মধ্যরাতের পর খালেদের মৃতদেহ এভারেস্ট থেকে নামাতে শেরপাদের একটি দল রওনা হবে। ক্যাম্প-২ পর্যন্ত আসার পর সেখান থেকে হেলিকপ্টারে মৃতদেহ কাঠমান্ডুতে আনা হবে।খালেদের মৃতদেহ আনার এ অভিযানের ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করছে। উদ্ধার অভিযানে ৫৫ হাজার মার্কিন ডলার খরচ হবে বলে জানান মঈনুল হোসেন।ধারণা করা হচ্ছে, ২৯ বা ৩০ মে নাগাদ খালেদের মৃতদেহ নামিয়ে আনা সম্ভব হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আবহাওয়ার ওপর। ৩১ মে পার হলে মৃতদেহ নামানোর অভিযান পরিচালনা করা যাবে না।২০ মে সকালে এভারেস্টের চূড়ায় আরোহণ করে নেমে আসার সময় বিকেলে আকস্মিকভাবে মারা যান খালেদ।এভারেস্ট অভিযানে খালেদের সহপর্বতারোহী নেপালি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক সুদর্শন গৌতম গতকাল বৃহস্পতিবার রাতে ফোনে জানান, ‘এভারেস্ট চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন খালেদ। অনেক ছবি তুলেছিলেন, ভিডিও করেছিলেন।’৩৫ বছর বয়সী সুদর্শন গৌতম প্রতিবন্ধী পর্বতারোহী। দেড় দশক আগে এক দুর্ঘটনার কারণে তাঁর দুটি হাত কেটে ফেলতে হয়। তিনি বলেন, অভিযানে গিয়ে খালেদের সঙ্গে বন্ধুত্ব হয়। তিনি বারবার তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইছিলেন।সুদর্শন আরও বলেন, ‘কথা ছিল আমার জীবন নিয়ে খালেদ একটি তথ্যচিত্র নির্মাণ করবেন। আর কানাডায় আমাদের বাসায় বেড়াতে যাবেন।’স্মরণসভা২৩ মে ছিল বাংলাদেশের এভারেস্ট বিজয়ের তৃতীয় বার্ষিকী। ২০১০ সালের এই দিনে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। তবে সজল খালেদের মৃত্যুর কারণে রাজধানীর রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সেদিন আয়োজন করা হয় স্মরণসভা। সভার সঞ্চালক মুসা ইব্রাহীম বলেন, সজল খালেদের এ মৃত্যু বীরের মৃত্যু।স্মরণসভার আয়োজক ছিল এভারেস্ট একাডেমি, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব ও ইনসাইটা ট্যুরিজম।