সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত রেলসেতুর নিচের খালের প্রশস্ততা তিন গুণ করা হয়েছে। আগে প্রশস্ততা ছিল ২০ ফুট, এখন তা ৬০ ফুটে উন্নীত করা হয়েছে।বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিপ্রবাহ অবাধ করার মাধ্যমে রেলসেতু অক্ষত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ খালটির প্রশস্ততা বাড়িয়েছে। এই খালের ওপর দিয়ে বিকল্প রেললাইন তৈরি করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে লাইনটি চালু হতে পারে।রেলওয়ে সূত্র জানায়, মাত্র ১২ দিনের মধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ নতুন বিকল্প লাইন চালু করছে। তবে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি সহজে প্রবাহের জন্য সেতুর নিচে খালের প্রশস্ততা ২০ ফুটের পরিবর্তে ৬০ ফুট করে বিকল্প লাইন তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এই সেতুর নিচ দিয়ে পাহাড়ি ঢলের পানিপ্রবাহে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন রেলওয়ের প্রকৌশলীরা। গত ২৬ জুনের প্রবল বর্ষণে সৃষ্ট পানির তোড়ে ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী দ্বৈত লাইনের ৩৪ নম্বর সেতুর একটি ধসে যায়। আর অন্যটি দেবে গেলে চট্টগ্রামের সঙ্গে প্রায় ৫০ ঘণ্টা সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ডাউন লাইনের (চট্টগ্রাম অভিমুখী) সেতুটি মেরামত করা হলে ট্রেন যোগাযোগ চালু হয়। এতে এক দিকের ট্রেন চললে বিপরীত গন্তব্যের ট্রেনকে ভাটিয়ারি বা কুমিরা স্টেশনে থামিয়ে রাখা হয়।রেলওয়ে সূত্র আরও জানায়, নতুন বিকল্প লাইনটি (ডাইভারশন লাইন) চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইনের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, যার দৈর্ঘ্য এক হাজার ২০০ ফুট। এই নতুন লাইনের নিচে পানিপ্রবাহের জন্য খালের প্রশস্ততা ৬০ ফুট করা হয়েছে। কারণ, রেললাইনের পূর্বদিকে পাহাড় আর পাহাড়। পাহাড়ি ঢলের পানি মাত্র ২০ ফুট প্রশস্ত খাল দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে বলে ২৬ জুন দ্বৈত লাইনের দুটি সেতুর ব্যাপক ক্ষতি হয়। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসলে ২০ ফুট প্রশস্ত খাল দিয়ে বৃষ্টি ও ঢলের পানি গড়িয়ে যেতে পারেনি বলে ৩৪ নম্বরের ডবল লাইনের দুটি সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আমরা ৬০ ফুট রেখে বিকল্প লাইন তৈরি করছি। এতে বৃষ্টি ও ঢলের পানিপ্রবাহে তেমন কোনো সমস্যা হবে না।’ এদিকে রেলের মহাপরিচালক মো. আবু তাহেরের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা গত শনিবার সীতাকুণ্ডের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেলসেতু পরিদর্শন এবং বিকল্প লাইন তৈরির অগ্রগতি দেখেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে মহাপরিচালক নতুন বিকল্প লাইন চালুর নির্দেশ দেন। জানতে চাইলে রেলের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আগামী ১২ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে ডাইভারশন লাইন চালু করতে নির্দেশ দিয়েছি। বর্তমানে একটি লাইন দিয়ে রেল চলাচল করছে।’ আবু তাহের আরও বলেন, ‘কিছু গণমাধ্যমে বর্তমানে ব্যবহূত রেলসেতুকে “ঝুঁকিপূর্ণ” বলে প্রচার করছে, যা মনগড়া ও আতঙ্ক সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। যারা এ ধরনের মনগড়া সংবাদ প্রচার করছে, তাদের এ বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পরীক্ষা-নিরীক্ষা করেই ডাউন লাইনের সেতু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আরেকটি ডাইভারশন লাইন তৈরির কাজ চলছে।’রেল সূত্র জানায়, ১ জুলাই থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী ৩৪ নম্বর সেতু এলাকায় বিকল্প লাইন তৈরির কাজ শুরু হয়। আগামী বৃহস্পতিবার এটি চালু হতে পারে। এরপর একটানা সর্বোচ্চ পাঁচ দিন বিকল্প লাইন দিয়ে কেবল রেল চলাচল করতে পারবে।রেলের প্রকৌশলীরা জানান, বর্তমানে ডাউন লাইনের যে সেতু দিয়ে রেল চলাচল করছে, সেটির আরও মেরামত প্রয়োজন। যার জন্য সর্বোচ্চ পাঁচ দিন লাগতে পারে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন। এরপর ঢাকা অভিমুখী আপলাইন ও চট্টগ্রাম অভিমুখী ডাউন লাইন দিয়ে রেল চলাচলে আর কোনো সমস্যা থাকবে না। বিপরীত গন্তব্যের ট্রেনগুলোকে পাশের ভাটিয়ারি বা কুমিরা স্টেশনে অপেক্ষা করতে হবে না।