খালের মধ্যে রাস্তা
উল্লাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া করতোয়া খালের তিনটি স্থানে মাটি ভরাট করে অপরিকল্পিতভাবে রাস্তা করা হয়েছে। এতে খালের আবদ্ধ নোংরা পানিতে জন্ম নিচ্ছে মশা-মাছি। পরিবেশ দূষণের শিকার হচ্ছে পৌরবাসী।আশির দশকের মাঝামাঝি সময় থানা পরিষদ শহরের কুঠি বাজার এলাকায় খালের মধ্যে প্রথম একটি রাস্তা নির্মাণ করে। পরবর্তী সময়ে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পৌরসভা থেকে খালের পশ্চিমে ওভার ব্রিজের নিচে একটি এবং খালের পূর্ব দিকে পাটবন্দর এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হয়। সে সময় উল্লাপাড়া হাটে যাতায়াত ও পাটবন্দরে পাট আনা নেওয়ার সুবিধা চিন্তা করে মূলত খালের মধ্যে এসব রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে প্রবাহমান খালের পানি নদীতে পড়ার পথ রুদ্ধ হয়ে যায়। আটকে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়ায়, আর এ পানিতে জন্ম নিচ্ছে মশা। করতোয়া খালের দুপারের বাসিন্দা ও দোকানিরা অভিযোগ করেন, শহরের সব রাস্তার ড্রেনের মুখ দেওয়া হয়েছে এই খালে। ফলে পুরো শহরের বর্জ্য ও নোংরা পানি এসে পড়ছে এখানে। খালের মধ্যে রাস্তা করায় পানি খাল থেকে পাশের নদীতে পড়ার সুযোগ পাচ্ছে না। নোংরা পানি দিনের পর দিন জমে পচে দুর্গন্ধ সৃষ্টি করছে। সেই সঙ্গে এই পানিতে দেদার বাড়ছে মশা। দূষিত হচ্ছে শহরের পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, খালের পশ্চিম দিকে ওভার ব্রিজের নিচে যে রাস্তাটি তৈরি করা হয়েছিল, তা মূলত উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের মানুষের হাটে যাতায়াত নিশ্চিত করতে। মাঝের কুঠি বাজারসংলগ্ন যে রাস্তাটি তৈরি করা হয়েছিল, তা শহরে খালের এপার-ওপারের বসবাসরত মানুষের দ্রুত আসা-যাওয়া করার জন্য এবং পাটবন্দরের রাস্তাটি বন্দরের এপার-ওপারের গুদামে পাট ক্রয়, আনা-নেওয়া ও শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য। কিন্তু শহরের সব স্তরের মানুষের যাতায়াতের সুবিধা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পৌরবাসী এখন পরিবেশ দূষণের শিকার হচ্ছে। উল্লাপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট মারুফ বিন হাবিব পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করেন। তিনি জানান, তাঁর সময়ে এসব রাস্তা করা হয়নি। রাস্তাগুলোর মাঝ দিয়ে খালের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। তিনি আরও জানান, পৌরবাসীর দাবি অনুযায়ী রাস্তাগুলোয় প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের প্রকল্প প্রণয়ন করছেন। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে জরুরিভিত্তিতে কালভার্ট নির্মাণ কাজ শুরু করা হবে।