খাসজমি দখল করে ‘কলেজ’!
কক্সবাজারের রামু উপজেলায় মহাসড়কের পাশে সরকারি খাস-খতিয়ানের প্রায় ৪৩ একর বনভূমি দখল করে কলেজ নির্মাণ করা হচ্ছে। ‘কক্সবাজার ক্রীড়া ও কারিগরি কলেজ’ প্রতিষ্ঠা করছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, পরিবেশ ধ্বংস করে সরকারি জমিতে কাউকে অবকাঠামো তৈরি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জনের বেশি শ্রমিক গত বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ধলীরছড়া এলাকার বনের শতাধিক ছোট গাছ ও টিলা কেটে নির্মিতব্য কলেজে যাতায়াতের রাস্তা ও মাঠ তৈরি করছেন। শুক্রবার ওই জমিতে কলেজ নির্মাণের সাইনবোর্ড স্থাপন করেন সাইমুম সরওয়ার নিজেই। এ সময় তিনি দাবি করেন, এলাকার বেকার সমস্যা দূর করার জন্য এই ক্রীড়া ও কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। যেকোনো মূল্যে এই জমিতে কলেজ প্রতিষ্ঠা করা হবে।ধলীরছড়া গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদ, নূরুল কবির ও জাফর আলম জানান, একসময় এই এলাকায় বন বিভাগের সমৃদ্ধ বন ছিল। স্থানীয় দুর্বৃত্তরা গাছপালা সাবাড় করলে এটি সরকারি খাস-খতিয়ানভুক্ত হয়। রামু উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ২০০১ সালে এই এলাকায় প্রায় ১০০ একর বনাঞ্চল দখলে নেন। এর মধ্যে ২৮ একরে ফলদ ও বনজ বাগান গড়ে তোলার জন্য (নিজ ও দলের নেতা-কর্মীদের নামে) দীর্ঘমেয়াদি ইজারা চেয়ে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পেশ করেন। এরপর ওই জমিতে তিনি বাগান করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার জমিটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়। এখন সাইমুম সরওয়ার কলেজের নাম দিয়ে জমিটি দখল করছেন। সূত্রমতে, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন সরকারি জমি দখলের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। কিন্তু গতকাল রোববার বিকেল পর্যন্ত কাজ বন্ধ হয়নি।বিএনপির নেতা মাহবুবুর রহমান চৌধুরী অভিযোগ করেন, কলেজ নয়, নিজের জন্যই সাইমুম বিশাল এই সরকারি জমি দখল করেছেন। ওই জায়গাটি তিনি (মাহবুবুর) ইজারা নিতে চেয়েছিলেন, যা এখনো প্রক্রিয়াধীন। গত সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মহাজোটের পরাজিত প্রার্থী সাইমুম সরওয়ার বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার জন্য ২৮ একর জমি ইজারা চেয়ে জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে। এখন সাইনবোর্ড স্থাপন বা কলেজ না করলে যেকোনো মুহূর্তে জমিটি বেদখল হয়ে যাবে। তাই আমরা সাইনবোর্ড লাগিয়ে জমির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছি।’ গতকাল সকালে সাইমুম কয়েকজন সাংবাদিক নিয়ে দখল করা বনাঞ্চলটি ঘুরিয়ে দেখান। এ সময় তিনি বলেন, ‘কলেজ করার মতো জমি রামুর কোথাও নেই। তাই সরকারি এই জমি দখল করা হয়েছে। কয়েক দিনের মধ্যে কিছু গাছপালা কেটে ভবন নির্মাণকাজ শুরু করা হবে। এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না।’ একটি কলেজের জন্য এত জমির প্রয়োজন আছে কি না জানতে চাইলে সাইমুম বলেন, এই জমিতে শুধু কারিগরি কলেজ না, হোস্টেলও নির্মাণ হবে। পরে অবশিষ্ট জমিতে একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা যাবে। কারণ পুরো জেলার কোথাও বিশ্ববিদ্যালয় নেই। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শহিদ মো. সাইদুল হক জানান, ‘ক্রীড়া ও কারিগরি কলেজ করার জন্য ওই এলাকার সরকারি ৪৩ একর জমি বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়েছিল। ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আমরা সরেজমিনে দেখতে পাই, ওই জমিতে প্রচুর গাছপালা রয়েছে। গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে কলেজ করা যায় না।’ ইউএনও আরও বলেন, ‘গাছ নেই এ রকম ছয় একর জমিতে কলেজ প্রতিষ্ঠা করা যায় মর্মে আমরা জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। কিন্তু এখন সম্পূর্ণ অবৈধভাবে ওই জমি দখল করে কলেজের সাইনবোর্ড লাগানো হয়েছে।’