খাসজমি বেদখল: পরিপত্রটি বাতিল হোক
১৯৯৪ সালের ১১ মে ভূমি ব্যবস্থাপনার নামে জারিকৃত ভূমি মন্ত্রণালয়ের একটি পরিপত্র জনসাধারণকে চরম দুর্ভোগে ফেলেছে। এর ফলে সারা দেশে লাখ লাখ মামলা-মোকদ্দমার উদ্ভব হয়েছে এবং হচ্ছে। ফলে রাষ্ট্রকে শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে এবং হবে। বিনিময়ে সরকার তেমন কিছুই পাচ্ছে না। পরিপত্রটি জারির উদ্দেশ্য ছিল সরকারের খাস খতিয়ানভুক্ত জমি, জলা, অর্পিত সম্পত্তি ইত্যাদি সাবেক জমিদার বা মালিক প্রদত্ত হাত চিঠা দলিল ইত্যাদির ভিত্তিতে ভূমিগ্রাসী মহল থেকে হয়রানি মুক্তি। নামজারির আবেদন বিবেচনাকালে অনেক ক্ষেত্রে দেখা যেত যে মূল দেওয়ানি মামলায় সরকার বা কালেক্টরকে পক্ষভুক্ত করা হয়নি বা পক্ষভুক্ত করা হলেও সমনাদি যথারীতি জারি না করার কারণে এবং তদবিরের অভাবে মামলায় একতরফা ডিক্রি হয়ে যেত। সরকারি সম্পত্তির ক্ষেত্রে একতরফা বা দুই তরফা রায় ডিক্রির পরেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারপক্ষে আপিল দায়ের না করায় সরকারের দাবি তামাদি হয়ে যেত। এভাবে সরকারের খাসজমি, অর্পিত সম্পত্তি, জলমহাল, সায়রাত মহাল সরকারি সম্পত্তি বেআইনিভাবে আত্মসাতের প্রয়াস বন্ধ করার জন্যই পরিপত্রটি জারি হয়। কিন্তু পরিপত্রটির কিছু অংশে বাস্তবায়নে ত্রুটির কারণে এর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।পরিপত্রে যা আছে দেওয়ানি আদালতে ডিক্রি (একতরফা বা দুই তরফা) মূলে কোনো সম্পত্তির নামজারির আবেদন পাওয়া মাত্র সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট রেজিস্ট্রার পরীক্ষা করে মামলাধীন সম্পত্তিতে সরকারের স্বার্থ থাকলে ওই মামলায় সরকারকে পক্ষ করা হয়েছে কি না বা সরকারকে পক্ষ করা হয়ে থাকলেও এক তরফা ডিক্রি হয়েছে কি না তা অনুসন্ধান করবেন এবং উচ্চতর আদালতে আপিল দায়েরের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে জরুরি ভিত্তিতে নথি প্রেরণ করবেন। সরকারি সম্পত্তির ক্ষেত্রে মামলার রায় ও ডিক্রি দুই তরফা হয়ে থাকলেও এই কার্যক্রম গ্রহণ করতে হবে। জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রস্তাব প্রাপ্তির সঙ্গে সঙ্গে ওই একতরফা বা দুই তরফা ডিক্রি বাতিল কিংবা রদের জন্য জজ আদালতে মিস কেস/আপিল দায়ের করার ব্যবস্থা গ্রহণ করবেন। রায়ে সরকারি স্বার্থ রক্ষা না হলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা এবং উচ্চতর আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে যৌক্তিকতাসহ নামজারির রেকর্ড প্রেরণ করতে হবে এবং বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির আগে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করে মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (সরকারি কৌঁসুলির মতামত, কালেক্টরের মতামত ইত্যাদিসহ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ে এবং অত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। অর্পিত সম্পত্তির ক্ষেত্রে নিম্ন আদালতে কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হলে হাইকোর্ট সিআর বা আপিল দায়েরের জন্য আদালতে রায় ও ডিক্রির নকল, মামলাধীন সম্পত্তির পরিমাণ, প্রকৃতি, আনুমানিক মূল্য, সরকারের স্বত্ব- স্বার্থের বিবরণ, ওকালতনামা ইত্যাদিসহ সুনির্দিষ্ট আবেদন তামাদির আগেই জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করতে হবে। অর্পিত সম্পত্তি-সংক্রান্ত কেস কোনোক্রমেই আইন মন্ত্রণালয়ে (সলিসিটর উইংয়ে) প্রেরণ করা হবে না। বাস্তবে উল্লিখিত বিধি-বিধান জনদুর্ভোগ আরও বাড়িয়েছে, সঠিক বাস্তবায়নের অভাবে খাসজমি দখল হয়ে যাচ্ছে। কিন্তু সরকারি অর্থ সাশ্রয়, দুর্নীতি কমানোর লক্ষ্যে উল্লিখিত পরিপত্রটি সংশোধনের জন্য নিম্নবর্ণিত সুপারিশমালা গ্রহণ করা যেতে পারে।পর্যালোচনা কমিটি গঠনভূমি মন্ত্রণালয় কর্তৃক উল্লিখিত জারিকৃত পরিপত্রটি বাতিল করে এবং তার পরিবর্তে আদালতের রায় ও ডিক্রি পর্যালোচনা করার জন্য কমিটি গঠন করা উচিত। জেলা পর্যায়ে রায় ডিক্রি পর্যালোচনা করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে জেলা প্রশাসককে প্রধান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, জেলার সরকারি আইন কর্মকর্তা এবং জেলা জজ সমমর্যাদার একজন অবসরপ্রাপ্ত বিচারকের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি ‘রায় ডিক্রি পর্যালোচনা কমিটি’ গঠন করা যেতে পারে। কমিটিকে আদালতের রায় ও ডিক্রি পর্যালোচনা করে ক্ষেত্রবিশেষে ১০ একর পর্যন্ত সম্পত্তির বিষয়ে নামজারির বিবিধ মামলাগুলো (মিস কেস) অনুমোদনের ক্ষমতা প্রদান করা উচিত। একই আদলে সংশ্লিষ্ট মন্ত্রীকে চেয়ারম্যান করে ভূমি মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় কমিশনার অফিসের একজন প্রতিনিধি, মহামান্য হাইকোর্ট ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ঢাকার সরকারি আইন কর্মকর্তা সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন রিভিউ কমিটি’ গঠন করলে উপযুক্ত ফল আসবে। জেলা পর্যায়ের রায় ও ডিক্রি পর্যালোচনা কমিটি কর্তৃক প্রেরিত ১০ একরের বেশি সম্পত্তির নামজারির নথি ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ৩০ দিনের মধ্যে রিভিউ করবে। রিভিউ করার পর তাঁরা বিবেচনা করলে জেলা পর্যায়ের কমিটির প্রস্তাব অনুমোদন করবেন অথবা ওই রায় ও ডিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবেন।আদালতের রায়ে দ্রুত সিদ্ধান্তসরকারের বিরুদ্ধে যেসব রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল/বিবিধ মামলা এবং দলিল বাতিলের মতো আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া উচিত। আদালতে রায় ও ডিক্রিতে ১০ একরের বেশি সম্পত্তি নামজারির যোগ্য হলে এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা উচিত। খাসজমির তালিকা করাসারা দেশে সরকারি খাসজমির তালিকা তৈরি করে তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থায় রক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। ওই তালিকায় খসড়া তৈরির পর প্রয়োজন দেখা দিলে অবৈধ দখলদারদের কাছ থেকে আপত্তি গ্রহণ করা এবং আপত্তি শুনানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার ব্যবস্থা করতে হবে। ওই তালিকায় অন্তর্ভুক্ত কোনো সম্পত্তির বিষয়ে কারও আপত্তি থাকলে তা জেলা পর্যায়ের কমিটি শুনানি করবে। ওই আপত্তি শুনানির পর ওই কমিটি চূড়ান্ত তালিকা থেকে অবমুক্ত হওয়া সম্পত্তি দখলদার মালিকদের নামে নামজারির ছাড়পত্র প্রদান করতে পারবে। ওই চূড়ান্ত তালিকাভুক্ত সম্পত্তির বিষয়ে যেকোনো প্রকার আইনগত কার্যক্রম গ্রহণে আদালতের ওপর বাধানিষেধ আরোপ করার পদক্ষেপ নিতে হবে। বর্তমান পর্যন্ত অবমুক্তকৃত সম্পত্তি বাদে পরিত্যক্ত সম্পত্তি, অর্পিত সম্পত্তি এবং বন বিভাগের সম্পত্তির তালিকা তৈরি করে তালিকাভুক্ত সম্পত্তির বিষয়ে আদালতে মোকদ্দমা করার বিরুদ্ধে আইন দ্বারা বিধিনিষেধ জারি করা, বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার করা এবং তার দখল বহাল রাখার স্বার্থে বিভিন্ন শর্তে কৃষি জমি হলে একসনা এবং শহরের সম্পত্তি হলে পাঁচ বছরের জন্য লিজ প্রদান করার ব্যবস্থা নিতে হবে। উল্লিখিত সুপারিশগুলো গ্রহণ করলে জনভোগান্তি কমবে। সরকারি সম্পত্তি রক্ষা পাবে। মামলার সংখ্যা কমে যাবে। ফলে সরকারি মামলায় ব্যয় অর্ধেকে নেমে আসবে। লেখক জিপি, ঢাকা