বাংলাদেশের নানান ভাষাবাংলাদশে নানা কাজে নানা স্তরে চালু আছে অনেকগুলো ভাষা। সেসব ভাষা নিয়ে এই আয়োজন
খাসি
বাংলাদেশের সিলেটের সীমান্ত-সংলগ্ন অঞ্চলে বসবাসরত মঙ্গোলয়েড খাসিয়া বা খাসি জাতির ভাষার নাম খাসি ভাষা। এই ভাষার স্থানীয় নাম খাসিয়া। খাসিয়া নৃগোষ্ঠী মঙ্গোলয়েড হলেও খাসি ভাষা অস্ট্রিক মোন্-খেমর গোত্রের অন্তর্গত। বাংলাদেশে বর্তমানে খাসিয়াদের সংখ্যা প্রায় ৩০ হাজার। ১৯৯১ সালের আদমশুমারিতে এ সংখ্যা ছিল ১২ হাজার ২৮০। ভারতের মেঘালয় ও আসাম রাজ্য মিলিয়ে প্রায় ১০ লাখ লোক খাসি ভাষায় কথা বলে। বিভিন্ন ভাষাবিজ্ঞানী খাসি ভাষার সঙ্গে মিয়ানমারের মোঁয়ে, পলং এবং উপমহাদেশের তালাং, খেড়, সুক, আনাম, খামেন, চোয়েম, ক্ষং, লেমেত, ওয়া প্রভৃতি নৃগোষ্ঠীর ভাষার মিল লক্ষ করেছেন। খাসি ভাষার নিজস্ব কোনো লিপি নেই। ১৮১২ সালে খ্রিষ্টীয় ধর্মযাজক কৃষ্ণচন্দ্র পাল প্রথম বাংলা বর্ণমালায় খাসি ভাষায় নিউ টেস্টামেন্ট অনুবাদ করেন। ১৮৩৮ সালের পরে ওয়েলস মিশনারি দলের টমাস জোনস রোমান হরফে খাসি ভাষা লেখার প্রচলন করেন। বর্তমানে খাসি ভাষা রোমান হরফে লেখা হয়। বাংলাদেশের খাসিয়াদের মধ্যে অনেকে এখন বাংলা লিপিতেও খাসি ভাষা লিখছেন। খাসি ভাষার উপভাষা রয়েছে বেশ কয়েকটি। লিঙ্গামকে এই ভাষার ঔপভাষিক বৈচিত্র্য বলে মনে করা হয়।খাসি ভাষায় খুব বেশি সাহিত্য রচিত হয়নি। চাকমা বা মণিপুরিদের সঙ্গে তুলনা করলে একে অপ্রতুল বলা চলে। খাসি ভাষার কবি রুশ পতামের একটি কবিতার নাম ‘জিং ইম হা লুম’ বা ‘অরণ্যে স্নিগ্ধ জীবন’। দীর্ঘ এই কবিতায় খাসিয়াদের রোজকার জীবনের একটি ছবি পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় গভীর দেশাত্মবোধ।কবিতাটির এক জায়গায় আছে, ‘ডাং ষ্টেপ ফেরঙাপ কি ফেট শা ব্রী/ কি সং উ কোয়াই কা ওয়াইট টারী।/ উ ছট কি কিয়াং লেনটি বা জেঙাই/ কি স্টেট কি ইয়াইড বান ওয়ান ডিংশাই। হা ট্রেপ সংথাইট টেমপেউ তাহ শুন/ জ্রাপ জ্রাপ বাম কোয়াই কা কাম বা বুন।.../ কো রি বা ইজ খুবলেই ইয়াফা/ কুমনো ঙান ক্লেট জিংবাং জংফা/ রীথর রীলুম লং কিসিয়ার রুপা/ ডিংসীজ কেনবাট ব্লা ডাপ পুড়া।’ অর্থাৎ ‘ভোরে জেগে উঠে চলি পান ক্ষেতে/ পানসুপারি, দা-টারি সাথে/ কাঁধে ছট খাড়া অতি দ্রুত যেতে হবে দূরে/ ফিরতে হবে আঁধার নামার আগে/ ক্ষেত আর কুঁড়েঘর আনন্দ-আয়েশ/ তাড়া করি কাজ পানসুপারি চিবিয়ে।.../ প্রিয় জন্মভূমি, তোমার আশীর্বাদ/ প্রতিদিন স্মরণে তোমার সুমিষ্ট দান/ সমভূমি পাহাড় অরণ্য সোনারুপার দেশ/ গাছ বাঁশ ঘাস লতাগুল্ম গুচ্ছ সমাহার।’