খাসিয়াপল্লির বাসিন্দারা আতঙ্কে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি আদিবাসী জনপদ নাহার পানপুঞ্জির গৃহবধূ আইতি তংপেয়ার কেমন আছেন প্রশ্নের জবাবে ভাঙা ভাঙা বাংলায় জানালেন, ‘আমরা ভাল নেই’। পার্শ্ববর্তী খাসিয়া গ্রাম চলিতাছড়া পুঞ্জির যুবক লাইসেমের মনেও আতঙ্ক। লাংলিয়াছড়া পুঞ্জির বাসিন্দাদের মনেও শান্তি নেই। এ আতঙ্কের কারণ বন্য জীবজন্তু কিংবা ডাকাতের উপদ্রব নয়। এর চেয়েও ভয়ঙ্কর কিছু। তাঁদের ভাষায়, তাঁরা ভূমিখেকো, তাঁরা বৃক্ষখেকোর দল।আদিবাসী খাসিয়ারা পরিবার-পরিজন নিয়ে গহিন বনে প্রভাবশালী ভূমিখেকোদের ভয়ে দিন কাটাচ্ছেন। কারণ তাঁদের সাজানো-গোছানো পানের জুমে প্রায়ই হানা দেয় বৃক্ষখেকোর দল। পানের ভরা মৌসুমে আদিবাসী এসব গ্রামের রাস্তাঘাটে চাঁদাবাজরাও সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি মৌলভীবাজার জেলার কয়েকটি আদিবাসী খাসিয়াপল্লি ঘুরে এ চিত্র পাওয়া গেছে।জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া পাহাড়ে আদিবাসী খাসিয়া গ্রাম চলিতাছড়া পানপুঞ্জি। উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটারের পথ। পাঁচ-ছয় কিলোমিটার পায়ে চলার গহিন পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে দেখা পাওয়া গেল পাহাড়ের উঁচু টিলায় এ বসতির। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিনল কংওয়াং এ পুঞ্জির মন্ত্রী (প্রধান)। পুঞ্জির প্রবেশপথেই দেখা হলো লাইসেমের (২৫) সঙ্গে। তাঁর সাহায্য নিয়ে দেখা পেলাম পুঞ্জিপ্রধান জহিনলের।জহিনল জানান, সিলেট বিভাগের তিন জেলায় সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৮০টি খাসিয়াপল্লি রয়েছে। এর মধ্যে সিলেটের ১৬টি এবং মৌলভীবাজারের ১০টি ছাড়া অন্যগুলো সরকারি খাসজমি। বন বিভাগের জমি অথবা চা বাগানের জমি বন্দোবস্ত নিয়ে তা গড়ে তোলা হয়েছে। বর্তমানে ভূমির নিরাপত্তাই তাঁদের প্রধান সমস্যা। এ ছাড়া আছে শিক্ষা ও স্বাস্থ্য সমস্যা।জহিনলের পুঞ্জিতে ৩৭টি পরিবার বসবাস করে। পুঞ্জির লোকসংখ্যা প্রায় ২৫০। এই ৩৭টি পরিবারের জন্য পান চাষের আলাদা জুম রয়েছে। আয়তনের দিক দিয়ে জুমগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। জুমগুলো গড়ে উঠেছে ৫০০ থেকে এক হাজারেরও বেশি গাছ নিয়ে। একেকটি গাছকে জড়িয়ে বেড়ে উঠছে একেকটি পানগাছ। তাই পানের জুমে বৃক্ষখেকোরা হানা দিচ্ছে। কেটে নিয়ে বৃক্ষশূন্য করে দিচ্ছে সাজানো পানের বাগান।একই সমস্যা নাহার পানপুঞ্জিতেও। নাহারের আদিবাসী নারীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকেন। গৃহবধূ আইতি তংপেয়ার (২৮) বলেন, ‘পুরুষরা দিনের অধিকাংশ সময়ই থাকেন পানের জুমে, জঙ্গলে। জুমে বন্য জীবজন্তুর ভয় তো আছেই। এর চেয়েও বেশি ভয় বনদস্যুদের। তাই পুরুষরা ঘরে ফিরবেন কিনা তা নিয়ে আমরা চিন্তায় থাকি। পাশাপাশি আছে ভূমিখেকো লাঠিয়ালদের ভয়। কখন তাঁরা ঝাঁপিয়ে পড়ে ঘরছাড়া করেন, সে ভয়ে থাকি আমরা।জানা গেছে, বনদস্যুরা দিনের আলোয় তাঁদের পছন্দের গাছগুলো কেটে নেন। একটা গাছ কাটলে ২০-২৫টি পানগাছ নষ্ট হয়, মরে যায়। এতে পুরুষেরা বাধা দেন, মারধর হয়, মামলা হয়। এ প্রসঙ্গে প্রায় একই রকম আতঙ্কের কথা জানালেন, লাউয়াছড়া পানপুঞ্জির মন্ত্রীপত্নী (পুঞ্জিপ্রধানের স্ত্রী) ক্লিবিলান বিছার (৩০)। তিনি বলেন, ‘পুরুষেরা ঘরে না ফেরা পর্যন্ত আমরা অস্বস্তিতে থাকি। কখন কী হয়—এ এক অজানা আতঙ্ক।’লাউয়াছড়া পুঞ্জিপ্রধান ফিলা পাতমি জানালেন, খাসিয়া পুরুষেরা প্রত্যেকেই দিনভর পানের জুমে কাজ করেন। আগাছা পরিষ্কার, পানের চারা রোপণ, পরিচর্যা, পাতা তোলা থেকে শুরু করে জুমের যাবতীয় কাজ করেন। পুঞ্জির সমস্যার কথা জানতে চাইলে ফিলা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা ঘুরে বেড়ান তাঁদের পল্লিতে। এতে পল্লির স্বাভাবিক জীবনযাত্রা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। লাউয়াছড়া পুঞ্জিপ্রধানের সঙ্গে কথা বলার সময় লক্ষ করলাম, কয়েকজন খাসিয়া তরুণ কাঁধে পানের ঝুড়ি নিয়ে জুম থেকে ফিরছেন। ঝুড়ি থেকে নামিয়ে পানপাতাগুলো বারান্দায় ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে চারদিকে গোল হয়ে বসে পড়লেন কয়েকজন নারী। ঘটনাটি এত দ্রুততার সঙ্গে ঘটল যেন এই নারীরা দীর্ঘসময় ধরে অপেক্ষা করছেন কখন পান নিয়ে জুম থেকে ফিরবেন প্রিয়জন।পানপাতা বাছাইয়ের কাজে লেগে গেলেন মন্ত্রীপত্নী ক্লিবিলানসহ আরও কয়েকজন। বাছাইয়ের সঙ্গে তাঁরা হিসাব করে পানের বান্ডিল বেঁধে রাখেন। ক্লিবিলান জানালেন, পানের হিসাবটি হচ্ছে এরকম—১২টি পানে এক ছলি, ১২ ছলিতে এক কান্তা এবং ২০ কান্তায় এক কুড়ি। ক্লিবিলানের সঙ্গে কথা বলার সময় দেখা গেল পল্লির এদিক-সেদিক দলবেঁধে পর্যটকেরা ঘোরাফেরা করছেন। তাঁদেরই কয়েকজন এসে কোন প্রকার অনুমতি ছাড়াই পানপাতা বাছাইরত নারীদের ছবি তুলছেন। পাশ থেকে কয়েকজন খাসিয়া তরুণ বাধা দিলেন। এ এক বিব্রতকর অবস্থা।খাসিয়া পুঞ্জিগুলোয় রাস্তাঘাট নেই বললেই চলে। হাতেগোনা কয়েকটি পুঞ্জির কথা বাদ দিলে অধিকাংশ পুঞ্জিতেই পা-ই একমাত্র ভরসা। তবে কিছুটা পথ অবশ্য চান্দের গাড়ি করে যাওয়া যায়—কথাগুলো বলেন ধনছড়া পুঞ্জিপ্রধান প্রদীপ কংওয়াং।নাহার পানপুঞ্জির প্রধান ফেরলি সুরং জানান, বৃহত্তর সিলেটের খাসিয়াপল্লিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই একটিও। নেই কোন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে ক্যাথলিক মিশনের কল্যাণে প্রতিটি পুঞ্জিতেই গড়ে তোলা হয়েছে একটি করে বিদ্যালয়। যেখানে একজন শিক্ষক দিয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এরপর অধিকাংশ শিশুরাই ঝরে পড়ে।এসব অদিবাসী পল্লিতে স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই। এ প্রসঙ্গে হোসেনাবাদ পানপুঞ্জিপ্রধান ওয়েল সুরং জানান, প্রতি বছর ম্যালেরিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটে প্রতিটি পুঞ্জিতে। এগুলো সরকারি হিসাবে যায় না।খাসিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জেমসন লামিন বলেন, বিভিন্ন পুঞ্জিতে মালিকানা নিয়ে জটিলতা আছে। চা বাগানের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। মামলা-মোকদ্দমার বিভিন্ন ফন্দি-ফিকির এঁটে বাঙালিরা তাদের জমি দখলের চেষ্টায় থাকে। জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, বসত ছেড়ে পালিয়ে বেড়াতে হয়।বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব জিডিসন প্রধান সুছিয়াং বলেন, সিলেট বিভাগে জমির মালিকানা আদিবাসীদের প্রধান সমস্যা। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানে পার্বত্য জেলার আদলে তিনি ভূমি কমিশন গঠনের দাবি জানান।বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিসন প্রধান সুছিয়াং বলেন, যাতায়াত ব্যবস্থার কারণে আদিবাসী পল্লিতে একটি করে কমিউনিটি ক্লিনিক প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে ঝরেপড়া ঠেকাতে জেলা সদরে কিংবা উপজেলা সদরে আদিবাসীদের জন্য শিক্ষার্থী নিবাস প্রতিষ্ঠা এবং আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে শ্রীমঙ্গলে একটি ‘আদিবাসী সাংস্কৃতিক একাডেমি’ প্রতিষ্ঠার দাবি তাঁদের দীর্ঘদিনের।বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চলিতাছড়া পানপুঞ্জির প্রধান জহিনল কংওয়াং আক্ষেপ করে বলেন, ‘পাহাড় আমাদের পূর্বপূরুষের আদি নিবাস। অথচ সেই পাহাড়েই আমরা এখন পরবাসী!’